কান্দিরপাড়-ধর্মপুর সড়কে খানাখন্দ, জনদুর্ভোগ
কুমিল্লা নগরের কান্দিরপাড় থেকে ধর্মপুর পর্যন্ত প্রায় ২ দশমিক ১০ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। গুরুত্বপূর্ণ ওই সড়কে রয়েছে পাঁচ শতাধিক ছোট-বড় গর্ত। এর মধ্যে রানীরবাজার মোড়ে সৃষ্টি হয়েছে গভীর খাদ। ওই সড়ক দিয়েই নগরের পশ্চিম এলাকার বাসিন্দাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, রেলস্টেশন ও বিআরটিসি পরিবহন স্টেশনে ওই সড়ক দিয়েই আসা-যাওয়া করতে হয়। দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত না হওয়ায় নগরবাসী ভোগান্তির শিকার হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউয়ের কালীবাড়ি মন্দিরের সামনের অংশে রয়েছে ছোট ছোট কয়েকটি খানাখন্দ। ওই পথ থেকে একটু সামনে গেলেই বেশ কয়েকটি বড় গর্ত। রানীরবাজার মোড়ে সড়কের পিচ উঠে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, একটু বৃষ্টি হলেই ওই সড়কের সব গর্ত পানিতে ভরে যায়। তখন পথচারী ও বাজার করতে আসা লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়। সড়কে গর্ত থাকায় যানজটও সৃষ্টি হচ্ছে।
ধর্মপুর এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর ও দৌলতপুর ছায়াবিতান এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, ‘ভোগান্তি আর দুর্ভোগ নিয়ে ওই পথ পাড়ি দিতে হয়। এখান দিয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও শিল্পনগরের মালবাহী বাহন চলাচল করে। দ্রুত সড়কটি মেরামত করা দরকার।’
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ বলেন, ‘মিউনিসিপ্যাল সার্ভিসেস প্রকল্পের (এমএসপি) অধীনে ওই সড়কের মেরামতের জন্য সাত কোটি তিন লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। বরাদ্দ পেলে কাজ করা হবে।’
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, ‘ওই সড়কের পাশে নালা, ফুটপাত হবে। একই সঙ্গে বিটুমিনের আস্তরণ দেওয়া হবে। আমরা নগরের সড়কগুলো বেশি দিন টেকসই রাখার জন্য আরসিসি ঢালাই দিতে চাই। ইতিমধ্যে এ ধরনের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন ও বরাদ্দ পেলেই সড়কের কাজ শুরু হবে।’