কান্না আর আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি থামলেও শাবনাজের দুই চোখে ছিল অঝোর অশ্রুধারা, চেহারায় মৃত্যুর আতঙ্ক। আকবর শাহ মাজারের পাশে ধসে পড়া পাহাড়ের নিচে চাপাপড়া বোন শানু ও ভাইঝি উর্মিকে উদ্ধারের আকুতি জানাতে জানাতে যেন ক্লান্ত হয়ে পড়ছিল সে। শেষ পর্যন্ত মঙ্গলবার মধ্যরাতে দুজনের দেহ ধ্বংসস্তূপ থেকে তুলে আনেন উদ্ধারকর্মীরা। চোখের সামনে স্বজনদের প্রাণহীন দেহ দেখে কয়েক মুহূর্তের জন্য শাবনাজ বিলাপ করতেও ভুলে যায়। ঘোর কাটতেই কণ্ঠ চিরে বেরিয়ে আসে বুকফাটা কান্না। টানা বৃষ্টির কারণে মঙ্গলবার রাতে নগর ও জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে শাবনাজের মতোই বহু মানুষ হারিয়েছে তাদের স্বজনদের। নগরের তিনটি স্থান এবং বাঁশখালী ও সীতাকুণ্ডে পাহাড়ধসে এ পর্যন্ত ২২ জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাত থেকে আমরা নগরের আকবর শাহ মাজার থেকে পাহাড়ের ধ্বংসস্তূপ থেকে ছয়জন, উত্তর পাহাড়তলীর মটকাঘোনা থেকে ছয়জন ও বিশ্বকলোনি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে পাঁচজনকে।’ এ ছাড়া বাঁশখালীর শিলকূপে তিন ভাইবোন ও সীতাকুণ্ডের ছলিমপুরে দুজন পাহাড়ধসে নিহত হয়েছে।এদিকে গতকাল বুধবারও আগ্রাবাদ সিডিএ, হালিশহর, চান্দগাঁও আবাসিক এলাকা, বাকলিয়া, খাজা রোডসহ কয়েকটি নিচু এলাকায় পানি ছিল। মঙ্গলবার রাত থেকে আর বৃষ্টি না হওয়ায় বেশির ভাগ এলাকার পানি নেমে গেছে। জানা গেছে, নগরের আকবর শাহ মাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় পাহাড়ধসে প্রায় ৫০টি এক কক্ষবিশিষ্ট ঘর বিধ্বস্ত হয়। সেখানে এখন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে আকবর শাহ মাজার এলাকায় উদ্ধারকাজ চলার সময় ছমিরন নামের এক নারী বুক চাপড়াতে চাপড়াতে বলছিলেন, ধস নামা দেখে তিনি দৌড় দেন। রাস্তার কাছাকাছি এসে পেছন ফিরে দেখেন তাঁর বোন ও দুই সন্তান নেই। ততক্ষণে মাটির নিচে মিশে গেছে তাদের ঘর। বিলাপ করতে করতে কিছুক্ষণ পরপর জ্ঞান হারাচ্ছিলেন ছমিরন। স্বজনের অপেক্ষায় ছিলেন ছমিরনের বোন সাবিনার স্বামী রিকশাচালক আশরাফুলও। দুর্ঘটনার খবর শুনে তিনি কাঁদতে কাঁদতে ঘরের সামনে এসে দেখেন সব শেষ। তাঁদের অপেক্ষার পালা শেষ হয় গতকাল বুধবার সন্ধ্যায়। ২৪ ঘণ্টা পর একে একে বের করে আনা হয় ছমিরনের বোন সাবিনা (২৪) ও সাবিনার দুই সন্তান আশমানি (১), সজীবের (৪) লাশ। আশরাফুল সন্তানদের লাশের ওপর আচড়ে পড়েন। আশরাফুল বলেন, ‘আমি বাইরে ছিলাম। ঘটনার খবর শুনেই এসে দেখি সব শেষ।’ একই স্থানে মারা গেছে তরকারি বিক্রেতা মিজানের এক বছর বয়সী মেয়ে উর্মিও। আদরের মেয়েকে হারিয়ে মিজান এখন পাগলপ্রায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নগরের উত্তর পাহাড়তলী মটকাঘোনা এলাকায় মঙ্গলবার সন্ধ্যার পর পাহাড়ধসে পাশাপাশি দুটি ঘর বিধ্বস্ত হয়। গতকাল বুধবার পর্যন্ত ওখানকার ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছেন। সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় পাহাড়ধসে নিহত হয়েছে বাবা ও ছেলে। নিহত ব্যক্তিরা হলো শামসুল আলম (৪০) ও তাঁর ছেলে মোহাম্মদ ইয়াসিন ফরহাদ (৬)। তারা কুমিল্লার তিতাস থানার জারিকান্দি গ্রামের বাসিন্দা। এ বিষয়ে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘নগরের বাকলিয়া, পতেঙ্গা, হালিশহরসহ কয়েকটি এলাকার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় লোকজন আশ্রয় নিয়েছে। সেখানে চসিকের পক্ষ থেকে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।’