কান্নাকাটি করায় শিশুটিকে ফেলে গেল অপহরণকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ার চলনবিল এলাকা থেকে আরমান হোসেন নামের একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঢাকার গেন্ডারিয়া থেকে চার মাস আগে অপহরণের শিকার হয় সে। গতকাল মঙ্গলবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটি বলেছে, তার সঙ্গে আরও চারটি শিশু ছিল। কান্নাকাটি করায় তাকে ফেলে যায় অপহরণকারীরা।
নাটোর পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত পৌনে আটটার দিকে একদল অপহরণকারী পাঁচটি শিশুকে নিয়ে ভটভটিযোগে চলনবিলের মাঝের বামিহাল সড়ক হয়ে যাচ্ছিল। তাদের মধ্যে আরমান (১১) জোরে কান্নাকাটি শুরু করলে তাকে সিংড়ার শুকাশ ইউনিয়নের সাঁকোর বাজারের কাছে ফেলে রেখে যায় অপহরণকারীরা। বাজারের চা-বিক্রেতা রফিকুল ইসলাম শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ওবাইদুর রহমানের হেফাজতে দেন। ইউপি সদস্য ওবাইদুর বলেন, ছেলেটি সারাক্ষণ কান্নাকাটি করছিল। তিনি রোববার দুপুরে তাকে সিংড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
সিংড়া থানা সূত্র জানায়, শিশুটিকে একই দিন নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সেখান জিজ্ঞাসাবাদ শেষে আবার সিংড়া থানায় ফেরত আনা হয়।
থানা-হেফাজতে থাকা অবস্থায় শিশুটি রোববার মুঠোফোনে প্রথম আলোকে জানায়, সে পুরান ঢাকার গেন্ডারিয়ার ঢালকানগর এলাকার ইউছুফ আলীর ছেলে। গত ৪ রমজান (১০ জুন) স্থানীয় একটি বাজার থেকে সে অপহৃত হয়। পরে বস্তায় ভরে তাকে একটি জঙ্গলে ঘেরা কাঠের বাড়িতে রাখা হয়। একই বাড়িতে ছিল অপহরণের শিকার আরও চারটি শিশু, যারা বয়সে তার চেয়ে কিছুটা বড়। শনিবার সন্ধ্যার দিকে পাঁচজনকে একটি কালো মাইক্রোবাসে তুলে নেয় অপহরণকারীরা। পথে মাইক্রোবাস থেকে নামিয়ে ভটভটিতে তোলা হয়। এ সময় ভয়ে কান্নাকাটি শুরু করলে তাকে রাস্তায় ফেলে চলে যায় অপহরণকারীরা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আরমানের তথ্যের ভিত্তিতে তার বাবা ইউছুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি পেশায় রিকশাচালক। ছেলে নিখোঁজের ঘটনায় ইউসুফ কোনো আইনের আশ্রয় নেননি। তবে খবর পেয়ে তিনি সিংড়া থানায় এসে আরমানকে নিয়ে গেছেন। আরমানের সঙ্গে থাকা অপর চার শিশুর খোঁজ মেলেনি।
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, অপহরণকারীরা ওই চারটি শিশুকে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ এলাকার দিকে গেছে বলে আরমানের সঙ্গে কথা বলে জানা গেছে। বিষয়টি তাড়াশ থানাকে জানানো হয়েছে।