কান্নাভেজা মানববন্ধনে স্নিগ্ধার সন্ধান দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ শ শিক্ষক-শিক্ষিকা সারিবদ্ধভাবে দাঁড়ানো। অনেকে কাঁদছেন। মুখে কোনো কথা নেই। ফোঁপানির শব্দ ছুঁয়ে যায় পথচারীদেরও।
পথচারীদের কেউ কেউ দাবির প্রতি একাত্মতা জানিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে সারিতে দাঁড়িয়ে পড়েন। প্রত্যেকের হাতেই প্ল্যাকার্ড। এতে স্থানীয় প্রশাসনের উদ্দেশে লেখা: ‘স্কুলশিক্ষকের চার বছর বয়সী নিখোঁজ শিশুকন্যার সন্ধান কেন ছয় মাসেও পাওয়া যায়নি?’
সিলেটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের কোর্টপয়েন্ট এলাকায় এই মানববন্ধন হয়। জেলার বালাগঞ্জ উপজেলার রাজচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তোষ কুমার দেবের চার বছর বয়সী শিশুকন্যা স্নিগ্ধা দেব গত বছরের ২১ জুলাই নিখোঁজ হয়। ছয় মাস অতিবাহিত হলেও শিশুটির সন্ধান না পেয়ে ক্ষুব্ধ শিক্ষকেরা এই কর্মসূচি পালন করেন।
শিশুটির বাবা সন্তোষ কুমার দেব জানান, সিলেট নগরের শেখঘাট ভাঙ্গাটিকর এলাকার বাসা থেকে তাঁর একমাত্র মেয়ে স্নিগ্ধা দেব নিখোঁজ হয়। এরপর জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। একটি সাধারণ ডায়েরি করা হয় সিলেট কোতোয়ালি থানায়। কিন্তু গতকাল পর্যন্ত মেয়েটির সন্ধান পাওয়া যায়নি।
মানববন্ধন কর্মসূচিতে স্নিগ্ধার বাবা সন্তোষ কুমার দেব ও মা শর্বাণী দেব উপস্থিত ছিলেন। তাঁরা তেমন কথা বলেননি। কেবল চোখের জল ফেলেছেন। বিকেল সাড়ে চারটায় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষকেরা। এতে দ্রুত স্নিগ্ধার সন্ধান পাওয়ার জন্য প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ চাওয়া হয়েছে।