কান্নায় বুক ভাসালেন মেয়র প্রার্থী পারভীন
কক্সবাজার পৌরসভার একমাত্র নারী মেয়র পদপ্রার্থী রোকসানা পারভীন (কাপ-পিরিচ) চারদলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী ও জামায়াতের নেতা সরওয়ার কামালের (তালা) বিরুদ্ধে নির্যাতন ও হয়রানির অভিযোগ করেছেন। গতকাল সোমবার দুপুর একটায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। রোকসানা সরওয়ার কামালের দ্বিতীয় স্ত্রী। তবে সরওয়ার কামালের দাবি, তাঁদের মধ্যে তালাক হয়ে গেছে।সংবাদ সম্মেলনে রোকসানা অভিযোগ করে বলেন, ‘সংসারজীবনে সরওয়ার যেমন অত্যাচার-নির্যাতন চালাতেন, এখন নির্বাচনের সময়ও তিনি ছাত্রশিবিরের ক্যাডারদের লেলিয়ে দিয়ে তাঁকে হয়রানি করছেন। প্রায় প্রতিদিন ছাত্রশিবিরের ক্যাডাররা গণসংযোগ করার সময় তাঁর ওপর হামলা, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করছে। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।’রোকসানা দাবি করেন, চার বছর আগে একটি ঘটনার বিচার চাইতে গিয়ে পৌরসভার তৎকালীন ভারপ্রাপ্ত মেয়র সরওয়ার কামালের কাছে তাঁকে ইজ্জত হারিয়ে ফিরতে হয়। পরে চাপে পড়ে তিন সন্তানসহ ১৮ বছরের সুখের সংসার ত্যাগ করে তাঁকে বিয়ে করতে হয়। এ খবর শুনে তাঁর প্রবাসী স্বামী মারা যান। কিন্তু বিয়ের পর এই সরওয়ার কামাল অনেক পরনারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। কয়েকবার হাতেনাতে ধরা পড়ার পর তাঁর ওপর চলে অত্যাচার-নির্যাতন। এমনকি সরওয়ারের একটি মিথ্যা মামলায় তাঁকে তিন মাস করাভোগ করতে হয়। এখন সরওয়ার বলে বেড়াচ্ছেন, আমি নাকি তাঁর তালাকপ্রাপ্ত স্ত্রী।রোকসানা পারভীন সরওয়ারের সঙ্গে তাঁর বিয়ের কাবিননামা, বিয়ের আগে পৌরসভার প্যাডে লেখা সরওয়ারের একাধিক চিঠি সাংবাদিকদের সামনে উপস্থাপন করে বলেন, ‘তাঁকে যদি তালাক দেওয়া হয় তাহলে সরওয়ার কাগজপত্র দেখাক।’ রোকসানা বলেন, ‘সরওয়ার নারীলোভী প্রতারক। তাঁর মতো বহু নারীর সর্বনাশ করেছেন তিনি। এখন জনদরদির মুখোশ ধারণ করে তিনি ঘরে ঘরে ভোট চাইছেন। তিনি মা-বোনদের সতর্ক করছেন। এ জন্য তাঁর পেছনে ছাত্রশিবিরের ক্যাডার লেলিয়ে দেওয়া হয়েছে।’ রোকসানা জানান, গত রোববার বিকেলে পৌরসভার এসএমপাড়ায় গণসংযোগ করতে গেলে একদল শিবিরের ক্যাডার তাঁকে ঘিরে গালমন্দ শুরু করে ও একপর্যায়ে হামলা চালায়। এর কয়েক দিন আগে শিবিরের ক্যাডাররা শহরের বিমানবন্দরের পশ্চিমে সমিতিপাড়া বাজারে পথসভা করার সময় তাঁর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে সভাটি ভণ্ডুল করে দেয়। রিটার্নিং কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওসি মো. শাহাজাহান রোকসানার ওপর হামলার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। কিন্তু আত্মগোপনে থাকায় সন্ত্রাসীদের ধরা যায়নি। এখন পুলিশ এ বিষয়ে সতর্ক। সরওয়ার কামাল জানান, তাঁর সঙ্গে রোকসানার আর স্বামী-স্ত্রীর সম্পর্ক নেই। তাঁর সব পাওনা পরিশোধ করা হয়েছে। এর পক্ষে কাগজপত্রও আছে। কিন্তু নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় এখন এসব দেখানো সম্ভব নয়। ছাত্রশিবিরের ক্যাডার লেলিয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করেন তিনি।