কাপড় ছিনতাইয়ের কথা স্বীকার করে দুজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কবীরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৩ লাখ টাকার কাপড়সহ একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। এঁদের মধ্যে দুজনকে গতকাল রোববার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁরা কাপড় ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দস মোহাম্মদ অপু, মুরাদ মোল্লা, তুহিন, আহসান ও হাকিম। এঁদের মধ্যে অপু ও মুরাদকে ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। অন্যরা গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ হেফাজতে ছিলেন।
তুহিনের বাড়ি বাগেরহাটে। তিনি এক পুলিশ কর্মকর্তার আত্মীয় বলে জানা গেছে। ওই কর্মকর্তা বর্তমানে গাজীপুর জেলায় কর্মরত। আর এ কারণেই পুলিশ তাঁকেসহ অপর দুজনকে গ্রেপ্তার দেখাতে বিব্রত বোধ করছে বলে জানা গেছে। যদিও ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নাজমুল হকের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে অপু ও মুরাদসহ ঘটনার সঙ্গে তুহিন, মামুন, জসিম ও জাকির নামে ছয়জনের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
আশুলিয়া থানার পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার পানিশাইল এলাকার ইয়ামিন নিটেক্স ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানার প্রায় ১৩ লাখ টাকা মূল্যের দুই হাজার ১৩৮ কেজি কাপড় পিকআপে করে কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় তুহিনের নেতৃত্বে অপু, মুরাদসহ কয়েকজন একটি ব্যক্তিগত গাড়িতে করে আশুলিয়ার কবীরপুর বাসস্ট্যান্ড এলাকায় কাপড় বহনকারী পিকআপটির গতিরোধ করেন। এরপর অস্ত্রের মুখে তাঁরা চালক ও তাঁর সহকারীকে নামিয়ে দিয়ে কাপড়সহ পিকআপটি ছিনতাই করে নিয়ে যান। এ ব্যাপারে কারখানার উপমহাব্যবস্থাপক মো. আবুল বাশার ২৩ অক্টোবর রাতে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় কারও নাম উল্লেখ না করলেও পুলিশ অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হওয়ার পর গত শনিবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত পাঁচজনকে আটক করে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম বলেন, আটক হওয়া পাঁচজনের মধ্যে দুজন দোষ স্বীকার করায় গতকাল আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি নেওয়া হয়। বাকিদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক তুহিন কোনো পুলিশ কর্মকর্তার আত্মীয় কি না, জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘যে পুলিশ কর্মকর্তার কথা বলা হচ্ছে তিনি ও তুহিন একই এলাকার। তাঁরা পরস্পরের আত্মীয় কি না, তা আমার জানা নেই।’
ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, কোনো পুলিশ কর্মকর্তা তাঁদের (আটক হওয়া ব্যক্তিদের) আশ্রয় দিয়ে থাকলে তদন্ত করে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।