কাপাসিয়ায় ডাকাত সন্দেহে তিন যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পলাশপুর গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে তিন যুবককে ডাকাত সন্দেহে গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছেন।

বিভিন্ন গ্রামে প্রায় প্রতি রাতেই ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে রয়েছে চরম আতঙ্ক। এসব ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ মামলা নেয় চুরির। এর আগেও কাপাসিয়ায় কমপক্ষে পাঁচজনকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটায় গ্রামবাসী পালা করে রাত জেগে পাহারা দেন।

 নিহত ব্যক্তিরা হলেন কাপাসিয়া উপজেলার রায়নন্দা গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. রমজান আলী (২৫), কাপাসিয়া মাস্টারবাড়ি এলাকার মোকছেদ আলীর ছেলে মো. বাবুল মিয়া (২৬) ও কালীগঞ্জ উপজেলার হরিদেবপুর গ্রামের আতিকুল্লার পালোয়ানের ছেলে মাছুম পালোয়ান (২৭)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পলাশপুর গ্রামে ১৫-১৬ জনের একটি ডাকাত দল মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে মিকি মিস্ত্রির বাড়িতে হানা দেয়। এ সময়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। এতে আশপাশের গ্রামের বাসিন্দারা ছুটে আসেন। টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে গ্রামবাসী ডাকাত দলের সদস্যদের ধাওয়া করে কাপাসিয়ার কুমারটেক এলাকায় ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করেন। পরে উত্তেজিত গ্রামবাসী তাঁদের গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। রাতে পুলিশকে খবর দিলে তারা গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিন যুবকের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গ্রামবাসী জানান, বিভিন্ন এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটায় তাঁরা দল বেঁধে রাত জেগে পাহারা দেন। এসবের মধ্যে চেরাগ আলী মার্কেট, চাঁদপুর, বড়কুশিয়া, রানীগঞ্জ বাজার, টোক, দুর্গাপুর, সিংহশ্রীসহ বিভিন্ন এলাকায় পাহারা দেওয়ার খবর পাওয়া গেছে। গত জানুয়ারি মাসে কাপাসিয়ার করিমহাতা এলাকায় একজন ও রামপুরা এলাকায় চারজনকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়।

দুর্গাপুরের ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান, এলাকায় ডাকাতির ঘটনায় পুলিশের কাছে গেলে তারা চুরি বা লুট হওয়ার মামলা দায়ের করতে পরামর্শ দেয়। তাই ডাকাতি হলে এখন অনেকেই থানায় যেতে চান না। ঘটনাস্থলে পুলিশ যদি সময় মতো যেত, তাহলে তিন যুবকের মৃত্যু হতো না। তাঁদের গ্রেপ্তার করা হলে ডাকাতির বিষয় বা অন্য ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হতো।

কাপাসিয়ার স্কুলশিক্ষক সাইদুল আলম জানান, ওই তিন যুবককে আটক করার পর কাপাসিয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে সময়মতো না যাওয়ায় গ্রামবাসীর পিটুনি খেয়ে তিন যুবকের মৃত্যু হয়।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুছ জানান, গ্রামে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। সেই ক্ষোভেই গ্রামবাসী তাঁদের গণপিটুনি দেন। এতে ওই তিন যুবক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ডাকাতির ঘটনার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ওই তিন যুবক সত্যিকারের ডাকাত কি না, সেটা এখানো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে বিষয়টি দেখা হবে এবং অন্যদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।

ডাকাতির ঘটনায় চুরির মামলা নেওয়ার বিষয়টি অস্বীকার করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, অনেক সময় গ্রামবাসী চুরি হলেও ডাকাতির অভিযোগ দিতে আসেন। এ ছাড়া পুলিশের কয়েকটি টহল দল থাকলে প্রায়ই ডাকাতি হচ্ছে। টহল আরও জোরদার করা হবে।

এর আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় ও গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীতে দুজনকে গলাকাটা সন্দেহে এলাকাবাসী পিটিয়ে হত্যা করেন। পরে তদন্ত করে দেখা গেছে, তাঁরা বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন।