কাপাসিয়ায় বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বের হওয়া বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জেলা বিএনপির সহসভাপতিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এর প্রতিবাদে বিএনপি উপজেলায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বিকেলে উপজেলার তরগাঁও হাসপাতাল মোড়ে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে হামলা চালান। লাঠির আঘাতে জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আজিজুর রহমান ও সনমানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিনসহ কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক খন্দকার আজিজুর রহমানকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিল চলাকালে ছাত্রলীগের সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় তাদের হামলায় আমি, খন্দকার আজিজুর রহমান, চেয়ারম্যান সিরাজ উদ্দিনসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের প্রাইভেট কার ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে এক সভায় কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানসহ দলের নেতারা রোববার কাপাসিয়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন।’
ছাত্রলীগের হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহমঞ্চদ শহীদুল্লাহ বলেন, উপজেলার রায়েদ থেকে তাঁদের একটি মিছিল কাপাসিয়া আসার পথে তরগাঁও হাসপাতাল মোড়ে পৌঁছালে ওই মিছিলে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তাঁদের নেতা-কর্মীরা তা প্রতিরোধ করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিকেল পৌনে পাঁচটার দিকে বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।