কাপাসিয়াবাসী সরকারকে ‘রেড কার্ড’ দেখিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপনির্বাচন প্রত্যাখ্যান করে কাপাসিয়ার জনগণ সরকারকে ‘রেড কার্ড’ দেখিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল রোববার এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে ১৮ দলীয় জোট ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। কাপাসিয়ার উপনির্বাচনকে ‘পাতানো নির্বাচন’ আখ্যা দিয়ে তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে কোনো লোক ছিল না। সব মিলে ২০-২৫ শতাংশ ভোট পড়েছে বলে মনে করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দীন সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, সরকার পাতানো নির্বাচন করে প্রহসন করেছে।’ মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলেছিলাম এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আজকে তা প্রমাণ হয়েছে।’ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই এই বিচার হোক। কিন্তু তা হতে হবে ন্যায়বিচার। কোনো রাজনৈতিক প্রতিহিংসার বিচার নয়। আর মানবতাবিরোধী অপরাধের বিচার হতে হলে যারা ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছিল, আগে তাদের বিচার করতে হবে।’ফখরুলের অভিযোগ, সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তিনি তাঁদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং সব ‘রাজবন্দী’র মুক্তির দাবি জানান।