কাপাসিয়ার জঙ্গল থেকে গৃহবধূর লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও থেকে ফরিদা (৪৫) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের জঙ্গল থেকে লাশটি পাওয়া যায়।ফরিদার ছেলে আল আমীন বলেন, ‘পাঁচ-সাত দিন আগে আমার মা তাঁর ফুফাতো ভাই নলগাঁও গ্রামের আবদুল আউয়ালের বাড়ি থেকে নিখোঁজ হন।’ নিখোঁজের পর রোববার রাতে মৃতদেহের গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ফরিদার বাবা প্রয়াত জাহাদ আলী দেওয়ানের বাড়ির পাশের জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে।ময়নাতদন্তের জন্য ফরিদার লাশ গতকাল সোমবার গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।এ ব্যাপারে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার জাহান জানান, ফরিদার ছেলে আল আমীন জমিসংক্রান্ত বিরোধের অভিযোগ এনে পাঁচজনকে সন্দেহ করে কাপাসিয়া থানায় অভিযোগ করেছেন। ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধেই ফরিদাকে খুন করা হয়েছে।