মানুষ চায় পরিবার-পরিজন নিয়ে সুখ-স্বাচ্ছন্দ্যে থাকতে। কিন্তু কেউ কেউ পরিবার-পরিজন ছাড়াও সমাজ, জাতি ও দেশের মানুষকে নিয়ে সুখ-স্বাচ্ছন্দ্যে থাকতে চান। তাঁদেরই একজন ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলী।গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সরজুবালা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা জামসেদ আলী স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজ এ কথা বলেন।কাপাসিয়াবাসীর উদ্দেশে সোহেল তাজ বলেন, সবাইকে দুর্নীতি ও লোভ-লালসা ত্যাগ করতে হবে। এলাকার প্রতিটি কাজের খোঁজখবর নিতে হবে। কোন কাজ কোন প্রকল্প থেকে হচ্ছে, সচেতন নাগরিক হিসেবে তার খোঁজ রাখতে হবে। কাপাসিয়ার মাটিকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা জামসেদ আলীকে নিয়ে স্মৃতিচারণ করেন।স্মরণসভায় আরও বক্তব্য দেন গফরগাঁওয়ের সাংসদ ক্যাপ্টেন (অব.) গিয়াসউদ্দিন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কাপাসিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ শহীদুল্লাহ, জামসেদ আলীর মেয়ে আফরোজা পান্না প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশীদ।