কাপাসিয়ার মাদ্রাসাছাত্র নিখোঁজ, হত্যার অভিযোগ পরিবারের
নদীপথে বনভোজন থেকে ফেরার সময় গাজীপুরের শ্রীপুর উপজেলায় এনামুল হক সরদার (২০) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।এনামুল উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে। তিনি গোসিঙ্গা আলিয়া মাদ্রাসা থেকে এ বছর আলীম পাস করেছেন। এনামুলের পরিবারের অভিযোগ, গাঁজা সেবনে বাধা দেওয়ায় এনামুলের সঙ্গীরা তাঁকে হত্যা করেছে।এলাকাবাসী ও এনামুলের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল নয়টায় গোসিঙ্গা ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের প্রায় ৮০ জন নেতা-কর্মী ট্রলারে করে শীতলক্ষ্যা নদীপথে পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ এলাকায় পিকনিকে যায়। সেখান থেকে সন্ধ্যা সাতটার দিকে তারা গোসিঙ্গা বাজারে পৌঁছায়। ওই বাজারে ২৫ জন বাদে বাকি সবাই নেমে যান। ওই ২৫ জন আবার ট্রলারে করে কাপাসিয়ার দরদরিয়া এলাকার দিকে এগিয়ে যায়। পথে কয়েকজন গাঁজা সেবন করে। এ সময় এনামুল ও ট্রলারের মাঝি তাদের বাধা দেন। বাগিবতণ্ডার একপর্যায়ে তারা এনামুল ও মাঝিকে নদীতে ফেলে দেয়। পরে মাঝি নদী থেকে উঠতে সক্ষম হলেও এনামুলের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি কাপাসিয়া সীমান্ত এলাকায় ঘটায় কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, ঘটনার পর থেকে ট্রলার আরোহীরা আত্মগোপন করেছে।