কাপাসিয়ার ১১৭ কেন্দ্রের মধ্যে ১০০টি ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের ১১৭ ভোটকেন্দ্রের মধ্যে ৬৫টিকে ঝুঁকিপূর্ণ ও ৩৫টিকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এ কেন্দ্রগুলোর মধ্যে ৫০টিতেই বিদ্যুৎ-সংযোগ নেই।
বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ, র‌্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।
গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ইতিমধ্যে চারটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তাঁরা হলেন গাজীপুর-১ আসনে আ ক ম মোজামেঞ্চল হক, গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনে রহমত আলী ও গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি।
কাল রোববার ভোট হবে শুধু গাজীপুর-৪ আসনে। সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি, জাতীয় পার্টির এম এম আনোয়ার হোসেন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ সারুয়ারে কায়নাৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে পুরুষ ভোটার এক লাখ ১১ হাজার ৫৮৮ জন। নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯৫২ জন। ১১৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫০৫ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ, র‌্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। যেসব কেন্দ্রে বিদ্যুৎসুবিধা নেই, ভোট গণনার সময় সেখানে চার্জার লাইট সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।