কাপাসিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ খুনের ঘটনায় স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে অন্তঃসত্ত্বা গৃহবধূ নাসরিন (১৮) হত্যা মামলার আসামি তাঁর স্বামী ও শাশুড়িকে গত দুই দিনে গ্রেপ্তার করেছে পুলিশ।নাসরিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার জাহান বলেন, বুধবার সকালে নরসিংদীর মাধবদী এলাকায় ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে প্রথমে নাসরিনের শাশুড়ি শিউলি আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী নাসরিনের স্বামী জাহাঙ্গীর আলমকে গতকাল বৃহস্পতিবার সাভারের নবীনগর থেকে গ্রেপ্তার করা হয়। এসআই সানোয়ার বলেন, শিউলিকে গতকাল গাজীপুর আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ৬ আগস্ট সন্ধ্যায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাসরিনকে গরু বাঁধার রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করে জাহাঙ্গীর ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় ওই দিনই নাসরিনের শ্বশুর আলমগীর হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। পরে জাহাঙ্গীর, তাঁর মা ও বাবাকে আসামি করে কাপাসিয়া থানায় হত্যা মামলা করা হয়।