কাপাসিয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রমতে, গাজীপুর-৪ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে আমরাইদ বাজার এলাকায় কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুহুল আমিনের পক্ষের লোকজন মিছিল করে। এ সময় কাপাসিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজ উদ্দিন মোল্লার সমর্থকেরা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রুহুল আমিন বলেন, তাঁর পক্ষের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আমরাইদ বাজার এলাকায় পৌঁছালে ওয়াজ উদ্দিনের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালায়। অন্যদিকে ওয়াজ উদ্দিন বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর পক্ষের নেতা-কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।