গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রলীগ। কাপাসিয়া বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে গতকাল বুধবার গাজীপুর শহরে এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়৷
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার কাপাসিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। আনিছুরসহ সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে গতকাল বিকেলে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। জেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি শহরের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক, জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি প্রমুখ। এ সময় হরতালের ঘোষণা দেওয়া হয়৷
গত শনিবার কাপাসিয়া বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হন। এ ঘটনায় ১১ জনকে আটক করে পুলিশ। পরে ১০ জনকে আদালতে পাঠানো হয়।