জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কাপাসিয়ায় এক কৃষকের বাড়ির দুই শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে সাবাড় করেছেন প্রতিপক্ষ ব্যক্তিরা। গত রোববার সন্ধ্যায় উপজেলার নলগাঁও গ্রামের কৃষক আবদুল মোতালিব মোল্লার বসতবাড়ির জমিতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আবদুল মোতালিব কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। এরপর থেকে হামলাকারীদের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। ক্ষতিগ্রস্ত কৃষক মোতালিব জানান, একই গ্রামের বাদল, সেলিম, আলমগীর ও মাসুদ ভাড়া করা সন্ত্রাসী নিয়ে রোববার সন্ধ্যায় তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় তিনি বাড়িতে না থাকায় তাঁর দুই বোন লাইলী (৫৫) ও হালিমাকে (৫০) বসতঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে হামলাকারীরা বাড়ির চারপাশে লাগানো আড়াই শতাধিক মেহগনি, বড়ই, আম, নাড়িকেল, কাঁঠালসহ নানা ফলদ ও বনজ গাছ কেটে ফেলেন। কাপাসিয়া থানার উপপরিদর্শক রাহাত খান জানান, গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিপক্ষ বাদলের বসতবাড়ি থেকে দুটি দা, বল্লম ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।