গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তারাগঞ্জ কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই মাঠে আজ শুক্রবার বেলা তিনটায় দুর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল দ্বিবার্ষিক সম্মেলন ও তারাগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ সম্মেলন আহ্বান করেছে। এতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় গতকাল বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোজ কুমার নাথের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, ১৩ অক্টোবর তারাগঞ্জ কলেজের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে কাপাসিয়া থানাকে লিখিতভাবে জানিয়ে ২৮ অক্টোবর (শুক্রবার) দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করা হয়। কাপাসিয়া থানা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি বলেন, কাপাসিয়া থানা থেকে মৌখিক অনুমতি নিয়ে ২৮ অক্টোবর তারাগঞ্জ কলেজ মাঠে ওই কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন আহ্বান করা হয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, কোনো পক্ষই তাঁর কাছ থেকে ওই মাঠে সম্মেলন করার ব্যাপারে অনুমতি নেয়নি। একই স্থানে দুই পক্ষের কর্মসূচি আহ্বান করায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনে এর সত্যতা পাওয়া যায়। এ বিষয়টি ইউএনওকে জানালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেন।