কাপাসিয়ায় কর্মসৃজন প্রকল্পে অনিয়মের অভিযোগ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্রদের সাহায্যের জন্য কর্মসৃজন প্রকল্পের নামে কাজ না করে টাকা উঠিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। টাকা আত্মসাতের ঘটনায় সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের প্রতারিত দিনমজুররা গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে সিংহশ্রী গ্রামে ২৫৫ জন, রায়েদে ৩১৫ জন, টোকে ৩৭৫ জন, বারিষাবে ৩৭০ জন, ঘাগটিয়ায় ২৫০ জন, সনমানিয়ায় ৩৭০ জন, কড়িহাতায় ২৬৬ জন, তরগাঁওয়ে ৩০০ জন, কাপাসিয়ায় ৩৭০ জন, চাঁদপুরে ২৬০ জন ও দুর্গাপুরে ২৭০ জন করে ৯৯টি ওয়ার্ডে তিন হাজার ৩৭১ জন হতদরিদ্র দিনমজুর কাজ করার কথা। অথচ প্রতিটি ওয়ার্ডেই নির্ধারিত সংখ্যার কম লোক কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। প্রকল্প কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক অফিসার তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন না করায় অনেক ওয়ার্ড মেম্বাররা তাঁদের নিজস্ব লোকদের নাম দিয়ে কাজ না করিয়ে টাকা উত্তোলন করে কর্মকর্তাদের যোগসাজশে টাকা ভাগাভাগি করে নিয়েছেন।উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মতিউর রহমানের তত্ত্বাবধানে ৩ এপ্রিল থেকে পরিচালিত কর্মসৃজন প্রকল্পের কাজ চলছে। ৭ মে দিনমজুররা সিংহশ্রী বাজার শাখা সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ওই ইউপি সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কথা বলে জোরপূর্বক জনপ্রতি এক হাজার ৫০০ টাকা করে আদায় করেন। দিনমজুর সিরাজ উদ্দিন, সাহিদ মিয়া, শরিফুল ইসলাম, সোহেল, কামাল ও হুমায়ূন ইউপি সদস্যকে টাকা দিতে আপত্তি করলে তাঁদের ওপর চড়াও হন এবং জোরপূর্বক টাকা ছিনিয়ে নেন। টাকা না দিলে পরবর্তী সময়ে কাউকে কাজে নেওয়া হবে না বলে হুমকি দেন।একই কায়দায় উপজেলার অন্যান্য ইউনিয়নেও দিনমজুরদের কাছ থেকে টাকা আদায় করে আত্মসাৎ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের দিনমজুর সিরাজ, সাহিদ, কামাল, জামাল, মাইন উদ্দিন, শহিদ, ইসরাফিল, আলম, সুরুজ, শরিফুল ইসলাম, সোহেল ও হুমায়ূন গত ৮ এপ্রিল ইউপি সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।ইউপি সদস্য মতিউর রহমান জানান, অনেকে কাজ কম করেছে, তাই তাদের টাকা কম দেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুর রহমান বলেন, ‘আমি কাউকে টাকা নিতে বলি নাই। যদি আমার নাম করে কেউ টাকা নিয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আলী অভিযোগপত্র প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ওই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।