কাপাসিয়ায় কালভার্ট ধসে চার শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে একটি পুরোনো কালভার্ট ভাঙার সময় ধসে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুন এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শেরপুর জেলা সদরের আন্দারিয়া এলাকার তৈয়ব আলীর ছেলে মো. হলু মিয়া (৪০), শেরপুরের নকলা উপজেলার কবুতরমারি এলাকার ইউনুছ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৩৫), একই এলাকার হাকিম উদ্দিনের ছেলে মো. আজগর আলী (৩০) ও মো. সোহাগ (৪০)। সোহাগের বাড়ি জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও নির্মাণশ্রমিকেরা জানান, কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়ন পরিষদ সড়কের বরুন বাজার এলাকায় পুরোনো কালভার্টটি ভেঙে নতুন কালভার্ট নির্মাণের জন্য গতকাল সকাল সাড়ে আটটার দিকে চারজন শ্রমিক কালভার্টের ওপরে বড় হাতুড়ি দিয়ে ভাঙার কাজ করছিলেন। আরও সাত শ্রমিক কালভার্টের পাশে মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে কালভার্টটি প্রায় ২০ ফুট নিচে ধসে পড়ে। এতে কালভার্টের ওপরে কাজ করতে থাকা চার শ্রমিক ধসে পড়া কংক্রিটের স্লাপের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই নিহত হন তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
কালভার্টের ওপরে বসে শ্রমিকদের কাজ দেখছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। ধসে পড়ার পর তাঁদের দুজন মো. শাহজাহান মিয়া ও মোফাজ্জল হোসেন নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাপাসিয়া থেকে হাড়িনাল সড়কের আট কিলোমিটার পর্যন্ত সংস্কার ও বরুন এলাকায় একটি কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণ করতে তিন কোটি ১৩ লাখ টাকার কাজটি পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠানে মেসার্স হানিফ এন্টারপ্রাইজ। এর মালিক মো. হানিফ। ঠিকাদারি প্রতিষ্ঠানটি গাজীপুরের আওয়ামী লীগ নেতা মো. আবদুল মজিদকে কাজটির দায়িত্ব দেয়। তাঁর তত্ত্বাবধানেই কাজ চলছিল।
নির্মাণশ্রমিক কামরুল ইসলাম ও বাদিউজ্জামান বলেন, ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধারে সহযোগিতা না করে পালিয়ে যান। কালভার্টটি যে ঝুঁকিপূর্ণ, তা শ্রমিকদের জানানো হয়নি।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, শ্রমিকদের অসতর্কতায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তিদের পরিবারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
কালভার্ট ভেঙে শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে গাজীপুরের কাপাসিয়া আসনের সাংসদ সিমিন হোসেন রিমি, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসীন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন আলী, কাপাসিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা তদন্তে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম দুই সদস্যের একটি কমিটি গঠন করেছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, চার শ্রমিক নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী একটি মামলা হয়েছে।