কাপাসিয়ায় গণপিটুনিতে চার ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ায় গতকাল শনিবার রাতে গণপিটুনিতে চার ডাকাত নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ডাকাতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ডাকাত দলের সর্দার মাসুদ (৩০) ও নুরু (৩৮)। এলাকাবাসী ও পুলিশ জানায়, কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের প্রবাসী জাকির ও মনির প্রায় দুই সপ্তাহ আগে বাড়ি আসেন। একদল সশস্ত্র ডাকাত স্থানীয় দীঘিরকান্দা মোড়ে জড়ো হয়ে ওই দুই বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে শতাধিক গ্রামবাসী গতকাল রাত নয়টার দিকে ঘেরাও করে নয় ডাকাতকে আটক করে। উত্তেজিত গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই চার ডাকাত নিহত ও অপর পাঁচজন গুরুতর আহত হন।কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনরোষ থেকে গুরুতর অবস্থায় রাজিব (১৯), আফাজ শেখ (২০), মনির হোসেন (২০), মইনুল (২০) ও এরশাদকে (২০) উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাস্থল থেকে রাম দা, ছোরাসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। হতাহতদের অধিকাংশের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওসহ বিভিন্ন এলাকায়।