কাপাসিয়ায় গম চুরির ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
গাজীপুরের কাপা-সিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যের ভিজিডির গম চুরির ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে কাপাসিয়া বাজারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে অবিলম্বে গম চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খোকন মজুমদারের সভাপতিত্বে ও সদস্য-সচিব ইফতেখায়রুল লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়ার সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিনোদ চন্দ্র সরকার, কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ দর্জি, উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান প্রধান প্রমুখ। এর আগে ২৫ আগস্ট বিকেলে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুধী সমাজের উদ্যোগে আরেকটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।২৩ আগস্ট কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইউনুছ আলী ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমান ভিজিডির ১০ মেট্রিক টন গম উপজেলা খাদ্যগুদাম থেকে উঠিয়ে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় জনৈক ডিলারের কাছে চার বস্তা গম বিক্রি করেন। পরে এ ঘটনা প্রকাশ পেলে পুলিশের হাতে মেম্বার গ্রেপ্তার হন। পরদিন ২৪ আগস্ট স্থানীয় চালা বাজারে ব্যবসায়ী বাবুল মাঝির দোকান থেকে কাপাসিয়া থানা পুলিশ ভিজিডির চোরাই দুই বস্তা গম উদ্ধার করে ব্যবসায়ী বাবুলকে গ্রেপ্তার করে।২৫ আগস্ট প্রথম আলোয় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।