কাপাসিয়ায় গ্রামবাসী-বহিরাগত সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিবাদিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার গ্রামবাসীর সঙ্গে বহিরাগত যুবকদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। বিবাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। অভিযুক্ত সুপার মাওলানা মফিজ উদ্দিনকে পুলিশ আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে বিবাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও কারিগরি কেন্দ্রের সুপারিনটেনডেন্ট মাওলানা মফিজ উদ্দিন প্রধানের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত চলছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন পুলিশি পাহারায় মাওলানা মফিজ উদ্দিন প্রধানের জবানবন্দি নিচ্ছিলেন। এ সময় বহিরাগত ২০-২৫ জনের একটি দল হঠাৎ মাদ্রাসায় হামলা চালিয়ে তদন্ত ভণ্ডুলের চেষ্টা করে। গ্রামবাসী হামলাকারীদের ধাওয়া করলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে শিশু ও নারীসহ ৩০ জন আহত হয়। একপর্যায়ে বহিরাগত যুবকেরা পালিয়ে যায়। পরে গ্রামবাসী তাদের ফেলে যাওয়া নয়টি মোটরসাইকেল ভাঙচুর করে। তদন্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, সুপার মফিজ উদ্দিনের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রামের বাসিন্দা এবং ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুক্তিযোদ্ধা ড. এম এ হাশেম প্রধান (৬১) এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। ঘটনা তদন্তে তিনি গতকাল মাদ্রাসায় গেলে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসীর চাপের মুখে অভিযুক্ত সুপার মফিজ উদ্দিন ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. ওয়াজ উদ্দিন মোল্লা পদত্যাগ করেছেন। তদন্ত কর্মকর্তা আরও জানান, গতকাল পরিস্থিতি শান্ত হলে নির্যাতনের শিকার ছাত্রীদের বক্তব্য নেওয়া হয়েছে।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত সুপারকে আটক করা হয়েছে। এদিকে অভিযুক্ত সুপার মফিজ উদ্দিন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। তদন্ত চলাকালে কে বা কারা হামলা করেছে, তাও তিনি জানেন না বলে দাবি করেন।