কাপাসিয়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গত মঙ্গল ও বুধবার দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের সদস্যসহ ৩০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পথচারী ও ব্যবসায়ীও রয়েছেন। এ ঘটনায় পুলিশ দুটি গ্রুপের বেলায়েত হোসেন ও জামান নামের দুজনকে বুধবার রাতেই গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার তাঁদের গাজীপুর আদালতে পাঠানো হয়। সংঘর্ষে গুরুতর আহত কাপাসিয়া বাজারের কাঠ ব্যবসায়ী রমিজ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের নেতা আবদুল কাইয়ুম, জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, ছাত্রলীগের নেতা আফছার, জেলা ছাত্রলীগের সাবেক নেতা নূরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেন, ছাত্রলীগের নেতা আলমগীর হোসেন প্রধানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছাত্রলীগের বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার স্থানীয় সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের উপস্থিতিতে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আমিনুল ইসলাম দর্জি ও পারভেজ রানাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তবে সাধারণ সম্পাদক বিয়ে করায় প্রায় চার মাস পর তাঁর পরিবর্তে ১৩ জুলাই জহিরুল ইসলাম রুবেলের নাম ঘোষণা করা হয়। কিন্তু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধানের নেতৃত্বে অপর একটি অংশ ১৫ জুলাই পাল্টা আরেকটি কমিটির সভাপতি হিসেবে মো. জাহাঙ্গীর আলম মোড়ল ও সাধারণ সম্পাদক হিসেবে রাজীবচন্দ্র ঘোষের নাম ঘোষণা করে।এদিকে গত ১৫ আগস্টের শোকসভায় কাপাসিয়ায় এসে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আরিফ উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আমিনুল ইসলাম দর্জি ও জহিরুল ইসলাম রুবেলকে নিয়ে গঠিত কমিটিকে বৈধ হিসেবে ঘোষণা করেন। পাল্টাপাল্টি দুটি কমিটি গঠনের পর নতুন দুই কমিটির নেতারা নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে জ্যেষ্ঠ নেতাদের সমর্থন লাভের জন্য এলাকায় মাঠ দখল ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়।এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর সাংবাদিকদের জানান, বিবদমান দুটি গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গল ও বুধবার ইফতারের আগে ও পরে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে আহত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেনের বড় ভাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে এবং ছাত্রলীগের আহত নেতা আলমগীরের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে গতকাল কাপাসিয়া থানায় পৃথক মামলা করেন।