কাপাসিয়ায় ছাত্রলীগের হামলার পর ছাত্রদলের তাণ্ডব, আজ হরতাল
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর কনিষ্ঠ ছেলে শাহ রিয়াজুল হান্নানের গাড়িবহরে হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। ভাঙচুর করেন কমপক্ষে তিনটি গাড়ি। আহত হন ছাত্রদলের ১০-১২ জন কর্মী।এ ঘটনার প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা কাপাসিয়া বাজারের থানার মোড়, কলেজ মোড়, বাসস্ট্যান্ড ও তরগাঁও মেডিকেল মোড় এলাকায় কমপক্ষে ৪০টি সিএনজিচালিত অটোরিকশা, বাস ও ট্রাক এবং বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করেন। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। এতে পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে পুলিশ।আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল সন্ধ্যায় কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বুধবার কাপাসিয়া উপজেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেন।বিএনপির নেতা-কর্মী, এলাকাবাসী ও পুলিশ জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রদল গতকাল বিকেলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহ রিয়াজুল হান্নান।ছাত্রদল গাড়িবহর নিয়ে সমাবেশে যাওয়ার পথে কাপাসিয়া বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় অতিক্রম করার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে তাতে হামলা চালান। ভাঙচুর করেন বহরের তিনটি গাড়ির গ্লাস। আহত করেন ছাত্রদলের ১০-১২ জন কর্মীকে। একপর্যায়ে রিয়াজুল গাড়ি ঘুরিয়ে স্থান ত্যাগ করেন। এদিকে হামলার খবর কাপাসিয়া সদরের সাফাইশ্রী এলাকায় বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে পৌঁছালে তারা লাঠিসোঁটা নিয়ে উপজেলা রোডে পুলিশের ব্যারিকেড ভেঙে থানার মোড় ও কলেজ মোড় এলাকায় যানবাহন ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রদলের নেতা-কর্মীরা। পুলিশ ধাওয়া দিয়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ খবর উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা তরগাঁও মেডিকেল মোড় ও অন্যান্য স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে আবার যানবাহন ভাঙচুর শুরু করেন।পুলিশ মেডিকেল মোড় এলাকায় গিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দেয়। নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকটি গুলি ছোড়ে। এতে ওই এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন।কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন জানান, পুলিশের হামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন অলক, কাপাসিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোমেন, সাধারণ সম্পাদক প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রাসেল, সবুজ, কালাম, হিমেলসহ কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।রিয়াজুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এতে পূর্বনির্ধারিত সমাবেশ হতে পারেনি।’অভিযোগ অস্বীকার করে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুহাম্মদ শহীদুল্লাহ জানান, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে হান্নান শাহর ছেলের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে তাদের (ছাত্রদল) সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিক উপজেলা শহরে মিছিল করেন ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা।অন্যদিকে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন জানান, হান্নান শাহর ছেলের ওপর হামলার গুজবকে কেন্দ্র করে ছাত্রদলের শতাধিক কর্মী গাড়ি ভাঙচুর, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উপপরিদর্শক (এসআই) মো. রাহাত এবং কুতুব উদ্দিনসহ পুলিশের সাত সদস্য আহত হন। পরিস্থিতি সামাল দিতে ২৪টি রাবার বুলেট ছোড়া হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।