কাপাসিয়ায় তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড
গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার সকালে তিন মাদক ব্যবসায়ীকে মাদক সেবন ও ব্যবসা করার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: উত্তর খামের গ্রামের আবদুল লতিফের ছেলে রফিকুল ইসলাম (৩০), উত্তর খামের গ্রাম থেকে দুলাল (২৮) ও তাইজ উদ্দিন (৩৫)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাপাসিয়া থানার পুলিশ গতকাল সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে রফিকুল ইসলামকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। এ ছাড়া গত রোববার মধ্যরাতে উত্তর খামের গ্রাম থেকে দুলাল ও তাইজ উদ্দিনকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসুমী হাবিব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রফিকুলকে এক বছর এবং দুলাল ও তাইজ উদ্দিনকে ছয় মাস করে কারাদণ্ড দেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।