কাপাসিয়ায় পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপাসিয়ার বারিষাবো ইউনিয়নের গিয়াসপুর চৌরাস্তার কাছে প্রতিপক্ষ ও তাদের ভাড়া করা লোকজন ফারুক হোসেন (৩৮) নামের এক পান ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। ফারুকের বাড়ি একই ইউনিয়নের নয়ানগর গ্রামে। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হন তাঁর বাবা হেলাল উদ্দিন (৫৫), মা ফাতেমা বেগম (৪৫) ও ছোট ভাই মাসুদ (২৫)।বারিষাবো ইউনিয়নের চেয়ারম্যান এস এম আতাউজ্জামান জানান, পান ব্যবসায়ী ফারুক হোসেন দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ একই গ্রামের মো. খলিল ও তাঁর ভাড়াটে পারিয়াবো গ্রামের মৃত কাউসারের ছেলে চিহ্নিত ডাকাত আবদুল খালেকসহ ছয়-সাতজন তাঁর ওপর অতর্কিতে হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে। এ সময় ফারুক হোসেনের বাবা, মা ও ভাই ছুটে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আশঙ্কাজনক অবস্থায় মা ফাতেমা বেগমকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাবা হেলাল উদ্দিন এবং ভাই মাসুদকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারী আবদুল খালেকের নামে কাপাসিয়া থানায় ডাকাতির মামলা রয়েছে। সে চিহ্নিত ডাকাত এবং ওই মামলায় সে পলাতক রয়েছে। ফারুকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত খলিলের ভাতিজা জাহাঙ্গীর আলমকে (২০) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে কাপাসিয়া থানাহাজতে রাখা হয়েছে।