কাপাসিয়ায় পারটেক্স গ্রুপের বিরুদ্ধে জমি জবরদখল চেষ্টার অভিযোগ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামে পারটেক্স গ্রুপের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ওই গ্রামের অর্ধশত ভূমিহীন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভূমিহীনেরা তাঁদের বসতভিটার পাশে খোলা জায়গায় ও উপজেলা পরিষদ চত্বরে দুই দফা মানববন্ধন করেন।প্রথম দফা মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভূমিহীন কমলা খাতুন ও অছিম উদ্দিন বলেন, ভূমিহীন হিসেবে সরকারের কাছ থেকে পত্তন নিয়ে প্রায় ৫০ বছর ধরে তাঁরা এ জমিতে বসবাস করে আসছেন। কিন্তু এলাকার একটি শ্রেণীর যোগসাজশে পারটেক্স গ্রুপের লোকজন তাঁদের জমি ও বসতভিটা দখলের হুমকি দিয়ে আসছেন। পারটেক্স গ্রুপের লোকজন তাঁদের বাসস্থান ছেড়ে চলে যেতে বাধ্য করতে সাজানো মামলা দিয়ে হয়রানি করছেন। উপজেলা পরিষদ চত্বরে দ্বিতীয় দফা মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি স্মারকলিপি পেশ করেন।এলাকাবাসী জানান, পারটেক্স গ্রুপ জমি দখল করলে বাঘিয়া মৌজার দেড় শতাধিক ভূমিহীন পরিবারকে পথে বসতে হবে। পারটেক্স গ্রুপ জবরদখলের হুমকি অব্যাহত রেখেছে। এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনে একাধিক অভিযোগ করে পারটেক্স গ্রুপের বিরুদ্ধে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।পারটেক্স গ্রুপের স্থানীয় কার্যালয়ে গিয়ে এ ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে প্রতিষ্ঠানের পক্ষে মহিবুর রহমান জানান, বৈধ কাগজপত্রের মাধ্যমে পারটেক্স গ্রুপ শিল্প স্থাপনের কাজ করছে। কারও জায়গা জবরদখল বা কাউকে বাসস্থান ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়নি। এসব মিথ্যা অভিযোগ। যাঁরা অভিযোগ দিচ্ছেন তাঁরাই শিল্প স্থাপনের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন।