কাপাসিয়ায় প্রতিপক্ষের কর্মীদের মারধর করল রিমির সমর্থকেরা!
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপনির্বাচনে বিজয়ী সিমিন হোসেন রিমির কর্মীরা গত সোমবার পরাজিত প্রার্থী আফসারউদ্দীনের কর্মীদের ওপর হামলা ও একটি দোকান ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন উপজেলার হাইলজোর গ্রামের শ্যামল দরানী, বাঘিয়া আবু মোড়ল দাখিল মাদ্রাসার শিক্ষক মোশারফ হোসেন, মোখলেছ দরানী ও কিতাব উদ্দিন দরানী এবং রায়েদ গ্রামের আলফাজ উদ্দিন মৃধা। এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, সোমবার রাতে রায়েদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোতালেব মিয়া হাইলজোর বাজারে আকবর আলীর দোকানে বসে চা পান করছিলেন। এ সময় বাজারে রায়েদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হীরণ মোল্লার নেতৃত্বে সিমিনের বিজয় মিছিল বের হয়। একপর্যায়ে রাত আটটার দিকে মিছিলের লোকজন আকবরের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। মিছিলকারীরা মোতালেবের ওপর চড়াও হলে তাঁর ছেলে শ্যামলসহ এলাকাবাসী তাঁকে রক্ষা করতে যান। এ সময় কিল-ঘুষি ও লাঠিসোঁটার আঘাতে ওই পাঁচজন আহত হন। পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ১০টার দিকে হীরণ মোল্লা, কাজল মোল্লা ও রায়েদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. আলামিন শেখসহ হামলাকারীরা পুলিশ নিয়ে মোতালেবকে খুঁজতে তাঁর বাড়ি যান। এ সময় মোতালেব বাড়িতে না থাকায় তাঁর মেয়ে মাসুদা আক্তার ঘর থেকে বাইরে বের হন। পরে হামলাকারীরা তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল করে মিছিল করতে করতে চলে যান।এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দুই পক্ষের কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলেও ভাঙচুর ও হামলা হয়নি।