কাপাসিয়ায় বিপুল পরিমাণ কলাগাছ কর্তন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাবো ইউনিয়নের কুশদী গ্রামে গত শুক্রবার রুস্তম আলী নামের এক কৃষকের রোপণ করা বিপুল পরিমাণ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাপাসিয়া থানায় মামলা হয়েছে।বারিষাবো ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউজ্জামান বলেন, কৃষক রুস্তম আলীর সঙ্গে একই গ্রামের মোশারফ, রব্বানী ও জহিরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিবদমান জমির মালিকানা নিয়ে একাধিক মামলা বিচারাধীন। তিনি বলেন, তাঁর জানামতে বিরোধপূর্ণ জমিতে রুস্তম আলী কলাবাগান করেছেন। ইউপি চেয়ারম্যান বলেন, ‘কলাগাছ কেটে ফেলার ঘটনায় শুধু রুস্তম আলীর নয়, দেশেরও ক্ষতি হয়েছে।’রুস্তম আলীর স্ত্রী রওশন আরা বলেন, তাঁর স্বামী ছয় হাজার কলাগাছের বাগান করেছিলেন। প্রতিটি কলাগাছে ছড়া বেরিয়েছিল। এর মধ্যে প্রায় অর্ধেক গাছের কলার ছড়া পরিপক্ব হয়ে গিয়েছিল। গত শুক্রবার সকালে প্রতিপক্ষ অর্ধশতাধিক লোক নিয়ে তাঁদের বাড়ি ও কলাবাগানের চারপাশ ঘেরাও করে। পরে দুর্বৃত্তরা সব কলাগাছ কেটে ফেলে। তাঁর দাবি, এতে তাঁদের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।এ ঘটনায় রুস্তম আলীর স্ত্রী রওশন আরা গতকাল কাপাসিয়া থানায় ৫৫ জনকে আসামি করে মামলা করেছেন। এতে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০ জনকে।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’