কাপাসিয়ায় রশি বেঁধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজুলি গ্রামে গতকাল শনিবার গরু বাঁধার রশি দিয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে।ওই গৃহবধূর নাম নাসরিন আক্তার (১৮)। তিনি উপজেলার টোক ইউনিয়নের বারদিয়া গ্রামের ইমান আলীর মেয়ে। এ ঘটনার পর নাসরিনের স্বামী জাহাঙ্গীর আলম ও শাশুড়ি পালিয়ে গেছেন। তবে পুলিশ নাসরিনের শ্বশুর আলমগীর হোসেনকে আটক করেছে। নাসরিনের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, যৌতুকের জন্য স্বামীর নির্যাতন সইতে না পেরে নাসরিন ১৭-১৮ দিন আগে বারদিয়া গ্রামে বাবার বাড়ি চলে যান। গতকাল বেলা ১১টার দিকে জাহাঙ্গীর আর নির্যাতন না করার প্রতিশ্রুতি দিয়ে নাসরিনকে বাবার বাড়ি থেকে বীর উজুলি গ্রামের বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নেওয়ার পরই জাহাঙ্গীর ও তাঁর মা গরু বাঁধার রশি দিয়ে নাসরিনকে হাত-পা বেঁধে তাঁকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে নাসরিন তাঁর স্বামীর হাতে-পায়ে ধরে বাঁচার জন্য অনেক কাকুতি-মিনতি করেন। কিন্তু জাহাঙ্গীর ও তাঁর মা তাতে কর্ণপাত না করে নির্যাতন চালান। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন নাসরিন। অবস্থা বেগতিক দেখে জাহাঙ্গীর ও তাঁর বাবা আলমগীর নাসরিনকে আবার তাঁর বাবার বাড়িতে নিয়ে জানান, নাসরিন অচেতন হয়ে পড়েছে। সেখান থেকে নাসরিনকে স্থানীয় আমরাইদ বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান পরিবারের সদস্যরা। পালিয়ে যান জাহাঙ্গীর। কর্তব্যরত চিকিৎসক নাসরিনকে দেখে মৃত ঘোষণা করেন। হাসপাতালে উপস্থিত লোকজন জাহাঙ্গীরের বাবা আলমগীরকে আটক করেন। আলমগীর দাবি করেন, তিনি নাসরিনের ওপর কোনো নির্যাতন করেননি। তবে তাঁর স্ত্রী ও ছেলে জাহাঙ্গীর নাসরিনকে পিটিয়েছেন। লাশের সুরতহাল প্রস্তুতকারী কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার জাহান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নাসরিনের ঘাড়ে, গলায়, পায়ে, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।