কাপাসিয়ায় রাজীবের গ্রামের বাড়িতে শোক, ক্ষোভ
রাজধানীর পল্লবীতে ব্লগার আহমেদ রাজীব হায়দারের হত্যার ঘটনায় তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। কাপাসিয়ার গণজাগরণ মঞ্চের নাম পরিবর্তন করে রাজীব গণজাগরণ মঞ্চ রাখা হয়েছে।রাজীব হায়দারের গ্রামের বাড়ি তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। তাঁর বাবা নাজিম উদ্দীন চিকিৎসক ও মা নার্গিস হায়দার কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তাঁর একমাত্র ছোট ভাই নোভেলও স্থপতি। রাতে রাজীবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী, আত্মীয়স্বজন, সহপাঠী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলমান গণ-আন্দোলনের কর্মীরা কান্নায় ভেঙে পড়েন। কাপাসিয়া উপজেলা সদরের সব ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল শনিবার কালো পতাকা উত্তোলন করা হয়েছে।রাজীবের বন্ধু বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলাম বলেন, ‘মেধার কারণে আমরা রাজীবকে বুদ্ধিজীবী বলে ডাকতাম। তাঁর মৃত্যুতে কাপাসিয়াবাসী শোকাহত।’কাপাসিয়ার গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতিদিনই রাজীবের বাবা-মা মঞ্চে এসে কর্মসূচিতে অংশ নিতেন। গত শুক্রবার রাতেও তাঁর বাবা রাত ১০টা পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন।’হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল শনিবার গাজীপুরের কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। বেলা ১১টায় শুরু হয়ে সমাবেশ চলে একটা পর্যন্ত। সমাবেশে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল্লাহ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমানত হোসেন খান ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আইন উদ্দিন। বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড়াও ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এর আগে তাঁরা কাপাসিয়া বাজার ও আশপাশের এলাকায় বিক্ষোভ করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানান, কাপাসিয়ার গণজাগরণ মঞ্চের নাম পরিবর্তন করে রাজীব গণজাগরণ মঞ্চ নাম দেওয়া হয়েছে। সমাবেশ থেকে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ ও এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে কালো পতাকা উত্তোলন। হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাজীপুর জেলা কমিটি। সিপিবির গাজীপুর জেলা কমিটির সভাপতি জয়নাল খান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।রাজীবের পারিবারিক সূত্র জানায়, আজ রোববার বাদ জোহর কাপাসিয়া পাইলট স্কুল মাঠে রাজীবের দ্বিতীয় জানাজা হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মো. শহীদুল্লাহ জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে স্মৃতিসৌধ নির্মাণের জন্য রাজীবের নকশা মন্ত্রণালয় অনুমোদন করেছে। ওই নকশা অনুযায়ী শিগগিরই স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।