কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামের নিখোঁজ মাদ্রাসাছাত্র এনামুল হক সরদারের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ট্রলারে করে শীতলক্ষ্যা নদীতে বেড়াতে গিয়ে তিনি নিখোঁজ হন। গত শনিবার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল নয়টার দিকে স্থানীয় গোসিঙ্গা ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের প্রায় ৮০ জন নেতা-কর্মী ট্রলারযোগে শীতলক্ষ্যা নদীপথে কাপাসিয়া উপজেলার তারাগঞ্জে বেড়াতে যান। পরে রাত সাতটার দিকে তাঁরা গোসিঙ্গা বাজারে ফিরে আসেন। এ সময় সবাই ট্রলার থেকে নেমে গেলেও তাঁদের ২৫ জন আবার নদীপথে কাপাসিয়ার দরদরিয়ায় ঘুরতে যান। এ সময় এনামুল ও ট্রলারের মাঝি কয়েকজনকে গাঁজা সেবনে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গাঁজা সেবনকারীরা এনামুল ও ট্রলারের মাঝিকে নদীতে ফেলে দেয়। পরে মাঝি সাঁতরে কূলে উঠলেও এনামুলের কোনো খোঁজ পাওয়া যায়নি।গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান জানান, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোসিঙ্গা বাজারের কাছে খোঁজেখানী ইসমাইলের ঘাট এলাকায় পানিতে এনামুলের লাশ ভাসতে দেখা যায়। এ সময় এলাকাবাসী লাশটি উদ্ধার করে। তাঁর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে।