কাপাসিয়ায় সংঘর্ষের ঘটনায় ৩০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা
গাজীপুরের কাপাসিয়ার বিবাদিয়া গ্রামে বহিরাগত ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৩০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। তবে হামলাকারী বহিরাগতদের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। অপরদিকে, যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত বিবাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মফিজউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে মাদ্রাসার এক ছাত্রী।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর গতকাল শুক্রবার জানান, সংঘর্ষের ঘটনায় মাদ্রাসার পদত্যাগী সভাপতি ওয়াজউদ্দিন মোল্লা বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেল ও অন্যান্য আসবাব ভাঙচুরের দায়ে ১৪ জনের নাম উল্লেখসহ ৩০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন।ওসি আরও জানান, হামলাকারী বহিরাগত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সুপার মাওলানা মফিজউদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে এক ছাত্রী মামলা করেছে। সুপারকে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে। আদালতের উপপরিদর্শক (এসআই) অজুফা খাতুন জানান, আদালতের আদেশে সুপারকে জেলহাজতে পাঠানো হয়েছে।সংঘর্ষে আহত ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্থানীয় বিবাদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা এম এ হাশেম প্রধান বলেন, ‘মাদ্রাসা সুপারের বিরুদ্ধে তদন্ত চলাকালে বহিরাগতরা হামলা চালালেও তাদের বিরুদ্ধে কোনো মামলা হলো না। উল্টা আমাকে প্রধান আসামি করে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। মাদ্রাসা সুপার ও সভাপতির লোকজন মুঠোফোনে গ্রামবাসীকে নানা হুমকিও দিচ্ছে।’তদন্তকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, সুপারের লোকজন হামলা চালানোয় তদন্তে ব্যাঘাত ঘটে। তবে তদন্ত ভণ্ডুলের চেষ্টাকারী বহিরাগতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তা নেওয়া হবে। এদিকে মাদ্রাসার পদত্যাগী সভাপতি ওয়াজউদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার মাদ্রাসার সুপার মফিজউদ্দিনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ তদন্তকালে একদল বহিরাগত ব্যক্তি মাদ্রাসার অফিসকক্ষে হামলা চালায়। এ সময় গ্রামবাসী-বহিরাগত সংঘর্ষে নারী-পুরুষসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।