কাপাসিয়ায় হাতকড়াসহ আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া থানা থেকে গতকাল বুধবার আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ সুজন মিয়া নামের এক আসামি পালিয়ে গেছেন। সুজনের বাড়ি উপজেলার সিংহশ্রী গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেপ্তার করা সুজন (২৫) ও মাসুদসহ (২৬) আরও এক আসামিকে গতকাল বিকেলে থানা থেকে গাড়িতে করে গাজীপুর আদালতে নেওয়া হচ্ছিল। গাড়িটি বেলা তিনটার দিকে সদর উপজেলার সালনা এলাকায় পৌঁছালে সুজন ও মাসুদ লাফিয়ে গাড়ি থেকে নেমে যান। পরে পুলিশ মাসুদকে ধরতে সক্ষম হলেও সুজন পালিয়ে যান। রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশ সুজনকে গ্রেপ্তার করতে পারেনি। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর প্রথম আলোকে জানান, পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।