গাজীপুরের কাপাসিয়ায় গত সোম ও মঙ্গলবার ছাত্রলীগ কর্মীদের হামলায় বিএনপি ও যুবদল-ছাত্রদলের ১৬ জন নেত-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে যুবদলকর্মী সাইফুল ইসলাম (৩৮) গতকাল বুধবার সকালে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে সাইফুলকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্রলীগ।নিহত সাইফুল ইসলাম কাপাসিয়া উপজেলার খোদাদিয়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, চারদলের ১২ মার্চের কর্মসূচির প্রস্তুতি হিসেবে গত সোমবার বিকেলে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে কাপাসিয়া সাফাইশ্রী ব্রিক ফিল্ড এলাকায় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহন করেন। বৈঠক শেষে ফেরার পথে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ৫-৬ জন আহত হন। এর পরদিন গত মঙ্গলবার বিকেলে কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে একই উদ্দেশে বৈঠক ডাকে উপজেলা ছাত্রদল ও যুবদল। বৈঠক চলাকালে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় ছাত্রদল ও যুবদলের কর্মীরা সেখান থেকে চলে গেলেও কাপাসিয়া বাজারের আশপাশের এলাকায় তাঁদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।দুই দিনের হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত হন যুবদল নেতা হারুন অর রশিদ (৪২), তার ছোট ভাই সাইফুল ইসলাম (৩৮), উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ (৪২), উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সালাহ্ উদ্দিন (৩০), কাপাসিয়া ইউনিয়ন যুবদলের সদস্য মহিবুর রহমান (৩৫), কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান (৪০), ছাত্রদল নেতা মনির হোসেন (২৯), শিশির (২৭), রুবেল (২২), লিয়ন (২৭), সবুজ (২০), পারভেজ (২১), রাজিব (২২), যুবদল নেতা মো. সবুজ হোসেন (৪২), লোকমান হোসেন (৩৪) ও আজহার হোসেন (৩২)।মঙ্গলবারের হামলায় আহত যুবদল নেতা হারুন অর রশিদ (৪২) ও তার ছোট ভাই সাইফুল ইসলামকে (৩৮) ঢাকায় ও অন্যান্যদের স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০ টার সাইফুল ইসলাম ঢাকার একটি ক্লিনিকে মারা যান। কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, ‘ছাত্রলীগ কর্মীরা প্রকাশ্যে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। নিহত সাইফুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য।’তবে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি দাবি করেছেন, নিহত সাইফুল ইসলাম কপাসিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার যুবদলের সদস্যদের হামলায় তিনি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।নিহত সাইফুলের মা হারেছা বেগম প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীরা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর গতকাল সন্ধ্যায় জানান, নিহত সাইফুলের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।