কাপুরুষরাই গুপ্তহত্যা করে: আশরাফ

জঙ্গিদের কাপুরুষ আখ্যা দিয়ে জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা ভিতু, কাপুরুষ তারাই গুপ্তহত্যা করে। এরা কোনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তাই তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগ ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, যত বাধাই আসুক, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশে জঙ্গিবাদের ‘জ’ও থাকবে না।
আশরাফ বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হোক তা তাঁর সরকার চায় না। দু-একটি ঘটনা ঘটেছে। ভবিষ্যতে হয়তো আরও দু-চারটা ঘটনা ঘটতে পারে। কিন্তু এতে বাংলাদেশ সম্পূর্ণ ভেঙে পড়েছে, এটা বলা সঠিক নয়।
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, কয়েকজন নিরীহ দেশি-বিদেশি নাগরিককে হত্যা করা হলো। জঙ্গিরাও মারা গেল। কয়েকজন বিদেশিকে হত্যা করে জিহাদের কিছুমাত্র প্রতিষ্ঠা পাবে না। তিনি প্রশ্ন রাখেন, ‘কয়েকজন বিদেশিকে হত্যা করলেই কি সারা বিশ্বে ইসলাম কায়েম হয়ে যাবে?’
সমাবেশে যুবলীগের নেতা-কর্মীরা জঙ্গিবাদ সমূলে উৎখাত করার শপথ নেন। বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী, সুচিন্তা ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ ঢাকা মহানগরের (উত্তর) সভাপতি মাইনুল হোসেন খান প্রমুখ।