শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, যারা বৌদ্ধবিহার, গৌতম বুদ্ধ ও বৌদ্ধসভ্যতাকে পুড়ে ছাই করে দিয়েছে, তারা কাপুরুষ। কাপুরুষেরাই পারে গৌতম বুদ্ধকে পুড়িয়ে দিতে। কাপুরুষেরা কখনো ধর্ম বিশ্বাস করে না। দেশকে অস্থিতিশীল করার জন্যই লুটেরা চক্র বৌদ্ধ সম্প্রদায়ের ওপর ওই হামলা চালিয়েছিল।গতকাল শনিবার বেলা দুইটায় কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমাবিহার প্রাঙ্গণে এক সমাবেশ শিল্পমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার ও বসতিগুলো পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে ইতিমধ্যে নির্মাণকাজ শুরু হয়েছে। তিনি উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়কে উদ্দেশ করে বলেন, ষড়যন্ত্রকারীরা অনেকেই মায়াকান্না দেখাতে আসবেন, আপনারা তাঁদের প্রশ্রয় দেবেন না। জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সাংসদ অ্যাথিন রাখাইন, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, দক্ষিণ চট্টলার আঞ্চলিক সংঘনায়ক ও রামু সীমাবিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা প্রমুখ।গওহর রিজভী বলেন, ‘রামুর হামলার ঘটনায় আমরা লজ্জিত, দুঃখিত। এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলছি, এই হামলায় যারা জড়িত, তাদের কোনো দল নেই, ধর্ম নেই।’ এটি একটি জাতীয় দুর্ঘটনা বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে রামুর ১২টি প্রাচীন বৌদ্ধমন্দির ও ৩০টির বেশি বসতি ধ্বংস করে। বেলা ১১টায় মন্ত্রী গত ৩০ সেপ্টেম্বর রাতে উখিয়ার আগুনে পুড়ে যাওয়া পশ্চিম মরিচ্যা দীপাংকুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন। এরপর ওই মন্দিরের ভিক্ষু বিমল জ্যোতি মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আরেক মতবিনিময় সভায় মন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেন।সকাল ১০টায় উখিয়ার রাজাপালং জাদি বৌদ্ধবিহার পরিদর্শনে গেলে মন্দির পরিচালনা কমিটির সদস্য মংফু বড়ুয়া ও আইনজীবী অনিল বড়ুয়া মন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, এই বৌদ্ধবিহার ভাঙচুরের ঘটনায় থানায় দায়েরকৃত মামলার কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। কারণ তারা প্রভাবশালী। মামলার আসামি করায় এই প্রভাবশালীরা এখনো রাতের আঁধারে বিহারে ঢিল ছুড়ছে।এ সময় মন্ত্রী উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহাকে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া সর্বজনীন বৌদ্ধ উন্নয়ন কমিটির আহ্বায়ক প্লাবন বড়ুয়া প্রমুখ।