রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অভ্যন্তরীণ কোন্দলে পণ্ড হয়েছে। ১১ বছর পর গতকাল শনিবার এ সম্মেলন শুরু হয়েছিল। দ্বিতীয় অধিবেশন চলাকালে সম্মেলন পণ্ড হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।আওয়ামী লীগের কাউন্সিলর আবদুল্লাহ হেলওয়ালী প্রথম আলোকে বলেন, রাঙামাটির সাংসদ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গতকাল সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন। সকালের অধিবেশন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু দ্বিতীয় অধিবেশন চলাকালে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সম্মেলন বাধাগ্রস্ত হয়।কাউন্সিলর বিপ্লব মারমা বলেন, সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী থাকায় গোলযোগ শুরু হয়। অধিবেশনে ১৬২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকেরা দাবি করেন, প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জম হোসেন নয় বছর ধরে কাপ্তাইয়ে থাকেন না। তাই সাধারণ সম্পাদক পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কাউন্সিল স্থগিত হয়ে যায়।সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন বলেন, একটি মহল অবৈধভাবে টাকার বিনিময়ে কাউন্সিলরদের কেনার চেষ্টা করলে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। অপর প্রার্থী মোয়াজ্জম হোসেন বলেন, ‘আমি গণতান্ত্রিকভাবে প্রার্থী হয়েছি। কাউন্সিল সম্পন্ন করতে না পারাটা নেতাদের ব্যর্থতা।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় কাউন্সিল স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জেলা কমিটি কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করবে।