কাপ্তাই লেক সংস্কারে বিশেষ কমিটি গঠনের সুপারিশ
কাপ্তাই লেক সংস্কার ও ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য আঞ্চলিক পরিষদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, কমিটি সরেজমিনে দেখেছে, কাপ্তাই লেকের অবস্থা খুবই খারাপ। যে অবস্থায় আছে, তাতে লেকটি মরে যেতে পারে। এই লেকটি দেখভালের জন্য ১৯৭০ সালে একটি কমিটি গঠন করা হয়েছিল। পরে এ কমিটি কার্যকর ছিল না। সংসদীয় কমিটি সেই কমিটির আদলে একটি কমিটি গঠনের সুপারিশ করেছে।
বর্তমানে কাপ্তাই লেকের উপদেষ্টা কমিটির সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং কারিগরি কমিটির সভাপতি রাঙামাটির জেলা প্রশাসক।
কাপ্তাই লেকের বিষয়ে আলোচনার জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে রাঙামাটিতে একটি বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।