কাপ্তাই লেককে দূষণমুক্ত রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই লেক (হ্রদ) ধীরে ধীরে দূষিত হচ্ছে। দূষণ থেকে এই হ্রদকে রক্ষা করতে হবে। অন্যথায় কাপ্তাই লেকের আশপাশে মানুষের বসবাস কঠিন হয়ে পড়বে। এই লেকে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। গতকাল সোমবার রাঙামাটি শহরে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুর এলাকা সনাকের (সচেতন নাগরিক কমিটি) কার্যালয়ে ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সংবাদমাধ্যমে ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সনাক রাঙামাটির সভাপতি চাঁদ রায়।
সনাক আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, সনাকের সহসভাপতি অমলেন্দু হাওলাদার, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. মুজিবুল হক, সাংবাদিক শান্তিময় চাকমা, মো. সোলায়মান, মিল্টন বড়ুয়া, হিমেল চাকমা প্রমুখ।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান বলেন, ‘কাপ্তাই লেকে ময়লা-আবর্জনা ফেলা থেকে সবাই বিরত থাকব। এ নিয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এ বিষয়ে পৌরসভারও সম্পৃক্ত হওয়া দরকার। কিছুদিন আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে “কাপ্তাই লেক বাঁচাও” শিরোনামে এক মতবিনিময় সভা হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত কয়েক দিন সিলেট অঞ্চলের হাওরের পানি দূষিত হয়ে মাছ মরে যাচ্ছে। কাপ্তাই লেক যদি দূষণমুক্ত রাখা না যায়, একসময় এখানেও একই অবস্থা হবে।’
নিরুপা দেওয়ান বলেন, দুর্নীতির বিষয়টি সম্পূর্ণ মনের ওপর, বিবেকের ওপর। কেউ যদি মন থেকে দুর্নীতিকে ঘৃণা করে, তাহলে দুর্নীতিগ্রস্ত হবে না। এর সঙ্গে অভাবের কোনো সম্পর্ক নেই।
রাঙামাটি সনাকের সভাপতি চাঁদ রায় বলেন, কাপ্তাই লেকে কমপক্ষে দুই লাখ মানুষের জীবিকা নির্বাহ হয়। সে জন্য লেককে দূষণমুক্ত রাখা জরুরি। কাপ্তাই লেক দূষিত হলে মানুষের হাহাকার বাড়বে।