কাপ্তাই লেকে ডুবে চুয়েট ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম বর্ষের ছাত্র মো. মোস্তাফিজুর রহমান ওরফে তামিমের মৃত্যু (১৭) হয়েছে। গত শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। তামিম বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটি ঘুরতে গিয়েছিলেন।তামিম চুয়েটের তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে এ বছর ভর্তি হন। আগামী ফেব্রুয়ারি থেকে তাঁর ক্লাস শুরুর কথা ছিল।ক্যাম্পাস সূত্র জানায়, প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু না হওয়ায় এই মর্মান্তিক ঘটনার কথা চুয়েট ক্যাম্পাসে কর্তৃপক্ষসহ কেউ জানতেন না। গত সোমবার বিকেলে তামিমের বাবা ফোন করে ক্যাম্পাসের একজন শিক্ষার্থীকে এ খবর জানান।তামিমের বড় ভাই মো. মাকসুদুর রহমান জানান, গত বৃহস্পতিবার তামিম পাঁচ বন্ধুর সঙ্গে রাঙ্গামাটিতে তাঁদের এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। পরদিন দুপুরে তিন বন্ধু হ্রদে নেমে সাঁতার কাটতে শুরু করেন। একপর্যায়ে পেছনে পড়ে তামিম ডুবে গেলেও অন্যরা টের পাননি। পরে তীরে উঠে ওই দুই বন্ধু স্থানীয় লোকজন ও ডুবুরিকে খবর দিলে আধা ঘণ্টার মধ্যে তাঁরা পানিতে নেমে তামিমকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তামিমের বাড়ি বরিশালের আগৈলঝারা থানার সেরালা গ্রামে।