রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ দিন ধরে পানি নেই। হাসপাতাল-সংলগ্ন আবাসিক এলাকায়ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। পানির অভাবে হাসপাতালের চিকিৎসাসেবা ও গৃহস্থালির কাজ ব্যাহত হচ্ছে।গতকাল শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায়, মহিলা ওয়ার্ডে ১০ জন এবং পুরুষ ওয়ার্ডে ছয়জন রোগী ভর্তি আছে। ওই রোগীদের মধ্যে ১২ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী। হাসপাতালের সেবিকা নিলি বিশ্বাস বলেন, ডায়রিয়া রোগীদের জন্য প্রতি মুহূর্তে পানির প্রয়োজন হলেও তা পাওয়া যাচ্ছে না।হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদুল, রেজভি, মেসাং মারমা ও মেলি প্রু মারমা প্রথম আলোকে বলেন, পানির অভাবে তাঁরা শৌচাগারে যেতে পারছেন না। রোগীর স্বজনেরা বলছেন, গোসল থেকে শুরু করে কাপড় ধোয়া—কোনোটাই তাঁরা করতে পারছেন না। তাঁরা বলেন, পানি না থাকায় সুস্থ মানুষও এখানে এসে অসুস্থ হয়ে পড়বে।আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাসুদ আহমেদ চৌধুরী বলেন, কর্ণফুলী নদী থেকে পাম্পের সাহায্যে হাসপাতাল ও আবাসিক এলাকায় পানি সরবরাহ করা হয়। ওই পাম্পের পাইপ ফুটো হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। তিনি জানান, কনটেইনারে করে হাসপাতালে পানি সরবরাহ করা হচ্ছে।আরএমও বলেন, ‘পাইপ মেরামতের জন্য ২ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু হবে।’এদিকে হাসপাতাল-সংলগ্ন আবাসিক এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকায় শতাধিক পরিবার চরম ভোগান্তি পোহাচ্ছে।জানতে চাইলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে কয়েক দিন ধরে যে পানি সরবরাহ বন্ধ রয়েছে, তা কেউ আমাকে জানায়নি। বিষয়টি আমাকে জানানো হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম।’ ইউএনও বলেন, ‘রোববারের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ পানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে এ ব্যাপারে উপজেলা প্রশাসন পদক্ষেপ নেবে।’