কাপ্তাই সড়কে বিরতিহীন বাসে কাঠ পাচার
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিরতিহীন বাসে সংরক্ষিত বনের কাঠ পাচার চলছে। কতিপয় কাঠচোর বন বিভাগ ও পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে প্রতিদিন কাঠ নিয়ে যাচ্ছে চট্টগ্রাম শহরে।এলাকাবাসী জানান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের সংরক্ষিত বন ও রাঙ্গুনিয়া রেঞ্জের সামাজিক বনায়ন থেকে সেগুন, গামারি, আকাশমণিসহ মূল্যবান গাছ কেটে চোরের দল বিভিন্ন স্থানে মজুত করে। সেখান থেকে চন্দ্রঘোনা, কোদলা, মরিয়মনগর, পোমরা ও পৌরসভা এলাকার করাতকলগুলোতে চেরাই করে বিরতিহীন বাসে পরিবহন করে নিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, প্রতিদিন উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান বাসস্টেশন, সুফিগোট্টা, হাইব্যারগোট্টা, বুইজ্জ্যার দোকান, কাটাখালী, মরিয়মনগর চৌমুহনী, কলেজগেট, গোডাউন ও গোচরা বাজার থেকে বিরতিহীন বাসের বাক্সে, ছাদে ও সিটের নিচে কাঠ নেওয়া হয়। বিরতিহীন বাসের চালক রফিকুল ইসলাম (২৭) জানান, যাত্রীদের ভাড়ার চেয়ে বেশি টাকা আয়ের জন্য কাঠ পরিবহন করা হয়। এ জন্যযাত্রীদের তেমন কোনো অসুবিধা হয় না। যাত্রীদের ভয়ে পুলিশ ও বন বিভাগের কেউ বিরতিহীন বাস আটক করে না। কাঠ পাচারকারী দিদার হোসেন বলেন, সড়কের চন্দ্রঘোনায় কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বনজদ্রব্য পরীক্ষণ ও শুল্ক ফাঁড়ির কর্মকর্তাদের ম্যানেজ করা গেলেও পোমরা এলাকায় অবস্থিত চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বনজদ্রব্য ও পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তাদের ম্যানেজ করা সম্ভব হয় না। ফলে বিরতিহীন বাসে চুরি করে কাঠ পাচার করা হচ্ছে। পাচারের সময় মাঝেমধ্যে বাস আটক করে কাঠ জব্দ করে তারা।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পোমরা বনজদ্রব্য পরীক্ষণ ও শুল্ক ফাঁড়ির কর্মকর্তা সুরজিত চৌধুরী বলেন, কাপ্তাই সড়কে কাঠ পাচারের সব সুবিধা বন্ধ রয়েছে। তবে পাচারকারীরা ফাঁকি দিয়ে বিরতিহীন বাসে কাঠ নিয়ে যায়। তবুও কাঠ জব্দ করা হয় প্রতিদিন। গত এক মাসে ২০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়েছে।