কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের অন্তত নয়টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এই ভাঙন বেড়েছে। এ অবস্থায় চরম ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে যানবাহন চলছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালকেরা।গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের শীলছড়ি, বালুচর, চিৎমরম, জাতীয় উদ্যান, হাতিরটেকসহ বিভিন্ন স্থানে ছোট-বড় ভাঙনের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে দূর থেকে ভাঙন চোখে পড়ে না। ওই সব স্থানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে একাধিক লাল পতাকা ঝুলিয়ে রাখা হয়েছে।ভাঙনকবলিত সড়কে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান বাসচালক সোনা মিয়া। তিনি বলেন, ‘কাপ্তাই-চট্টগ্রাম সড়কে অন্তত সাতটি বিপজ্জনক বাঁক রয়েছে। ওই বাঁকে গাড়ি চালাতেও অতিরিক্ত সতর্ক থাকতে হয়। তার ওপর ভাঙনের সৃষ্টি হওয়ায় চরম ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি।’ট্রাকচালক মো. সোলায়মান বলেন, পাঁচ মাস আগে চিৎমরম মুসলিমপাড়া সিঁড়িঘাটের সামনে ৪০ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মিত হয়েছিল। নির্মাণের এক মাসের মাথায় সেতুর একপাশে বড় গর্তের সৃষ্টি হয়। পরে মাটি ফেলে ওই গর্ত ভরাট করে সওজ। বর্তমানে ওই সেতুর দুই পাশে আবারও গর্ত দেখা দিয়েছে। সেতু পার হতেও ঝুঁকি নিতে হচ্ছে বলে তিনি জানান।এ ব্যাপারে সওজের কর্মকর্তারা নাম প্রকাশ করে কিছু বলতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কাপ্তাই-চট্টগ্রাম সড়ক পাহাড় কেটে তৈরি হয়েছে। বৃষ্টির সময় পাহাড়ধস একটি স্বাভাবিক ঘটনা। চিৎমরম উচ্চবিদ্যালয় ঘাটে এবং চিৎমরম বাজারঘাটে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। ২৩ লাখ টাকা ব্যয়ে ওই ভাঙন সংস্কারের কাজ চলছে। অন্য এলাকার ভাঙনগুলোও যথাসময়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সওজের কর্মকর্তা যানবাহনচালকদের সড়কের খুব কিনার দিয়ে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন।