কাপ্তাই হাসপাতাল ও আবাসিক ভবনে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিত্সক, সেবিকা ও কর্মচারীদের আতঙ্কের মধ্যে প্রতিদিনের কাজ ও বসবাস করতে হচ্ছে। ভবনধসের আশঙ্কার কারণে তাঁদের এ আতঙ্ক বলে জানা গেছে।হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দীর্ঘ সময় ধরে সংস্কারকাজ না হওয়ায় হাসপাতাল ও আবাসিক ভবনগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু উপজেলায় ভাড়া থাকার মতো বাড়ি না থাকায় বাধ্য হয়ে আতঙ্কের মধ্যে হাসপাতালের আবাসিক ভবনগুলোতে বসবাস করতে হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, দ্বিতল হাসপাতাল ভবনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষসহ বিভিন্ন স্থানে কমপক্ষে অর্ধশতাধিক স্থানে ফাটল ও আস্তর খসে যাওয়ার চিহ্ন রয়েছে। এর মধ্যে বিভিন্ন কক্ষের মাথার ওপর আস্তর খসে পড়েছে। কোথাও আস্তর খসে পিলারের লোহার রড দেখা যাচ্ছে, দেয়ালে দেখা দিয়েছে লম্বা ফাটল। রয়েছে পিলার থেকে বিম সরে যাওয়ার চিহ্ন।হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা সেলিনা তালুকদার ও অংমে চিং মারমা বলেন, ‘হাসপাতাল ছাড়াও চারটি আবাসিক ভবনের একই অবস্থা। ওই চারটি আবাসিক ভবনে ১৫ পরিবারের বসবাস। সরকারি নিয়ম অনুযায়ী আমরা নিয়মিত ভাড়া পরিশোধ করি। কিন্তু সবাই পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে থাকি।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপ দেওয়ান নিজের কক্ষের আস্তর খসে যাওয়া স্থান দেখিয়ে বলেন, ‘আগে কক্ষের দক্ষিণ-পূর্ব দিকে বসতাম। কিন্তু সেখানে আস্তর খসে যাওয়ায় এখন উত্তর-পশ্চিম দিকে বসতে হচ্ছে।’ তিনি বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার অবগত করানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ‘স্বাস্থ্য বিভাগ আমাদের কাছে অনেক আগে হস্তান্তর করা হলেও ভবন নির্মাণ বা সংস্কারের কাজগুলো করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তাই জেলা পরিষদের প্রকৌশল শাখা থেকে ওই কাজগুলো করা হতো না। সম্প্রতি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর করা হয়েছে। আগামী অর্থবছর থেকে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনগুলোর প্রয়োজন অনুযায়ী সংস্কার বা নির্মাণের কাজ হাতে নেওয়া হবে।’