কাপ্তাই হ্রদ থেকে আহত বন্য হাতি উদ্ধার

রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের হরিণছড়া বিট এলাকায় কাপ্তাই হ্রদে ডুবন্ত অবস্থায় গতকাল বুধবার এক বন্য দাঁতাল হাতি উদ্ধার করেছেন বনকর্মীরা।
হাতিটিকে প্রায় চার কিলোমিটার দূর থেকে ট্রলারে করে টেনে কাপ্তাই শুকনাছড়ি বিট এলাকায় আনা হলেও হ্রদ থেকে ডাঙায় ওঠানো যাচ্ছে না। হাতিটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলার পশু চিকিৎসক তাহমিনা।
বনকর্মীরা জানান, গতকাল দুপুরের দিকে একটি দল ট্রলারে করে টহলের সময় কর্ণফুলী রেঞ্জের কলমিছড়া বিট এলাকায় পৌঁছায়। এ সময় একটি পাহাড়ের পাশের কাপ্তাই হ্রদের পানির ওপরে একটি হাতির শুঁড় নড়তে দেখা যায়। কাছে গিয়ে তাঁরা নিশ্চিত হন, সেখানে পানির ভেতর একটি হাতি আছে। হাতি শুঁড়টি পানির ওপর তুলে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। ঘটনাটি উচ্চপদস্থ কর্মকর্তাদের জানানো হলে হাতিটি উদ্ধারের ব্যবস্থা করা হয়। এরপর হাতিটিকে শক্ত রশি দিয়ে ট্রলারের সঙ্গে বাঁধার পর অপর একটি ট্রলারে করে চার কিলোমিটার টেনে আনা হয়।
বিকেল পাঁচটায় কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বিট এলাকায় গিয়ে দেখা যায়, হাতিটি শরীরের অর্ধেক অংশ কাপ্তাই হ্রদের পানিতে রয়েছে। তেমন কোনো নড়াচড়াও করছে না। হাতিটিকে ইনজেকশন দিচ্ছিলেন কাপ্তাই উপজেলা পশু চিকিৎসা কর্মকর্তা তাহমিনা।
তাহমিনা বলেন, ‘হাতিটি সম্ভবত পাহাড় থেকে পড়ে কোথাও আঘাত পেয়েছে। তবে আঘাতটা কোথায় পেয়েছে, তা জানা যাচ্ছে না। আমরা হাতিটিকে আশঙ্কামুক্ত বলতে পারছি না। তবে যথাসম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ঘটনাস্থলে উপস্থিত পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) মো. শামসুল আজম বলেন, ‘হাতিটির অবস্থা সম্পর্কে এখন কিছু বলা যাবে না। আরও ভালোভাবে খোঁজখবর নিয়ে বলা যাবে, কীভাবে এই অবস্থা হয়েছে। তবে একে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।’