কাপ্তাই হ্রদ দখল করে বহুতল ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের পাড় দখল করে অনুমোদনহীনভাবে নির্মাণ হচ্ছে বহুতল আবাসিক ভবন, আবাসিক হোটেল ও মার্কেট।
এসব ভবনের অধিকাংশই পিলারের ওপর নির্মিত। এতে বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি। এসব ভবনের মালিকেরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিজেরা নকশা করে ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি ও বনরূপায় হ্রদ এলাকা দখল করে সবচেয়ে বেশি ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন শহরের মূল সড়ক থেকে তিন বা চার তলা বিশিষ্ট মনে হয়। কিন্তু পেছনে কাপ্তাই হ্রদ থেকে দেখলে বোঝা যায় ভবনগুলো আট থেকে ১০তলা বা তারও বেশি উচ্চতার। এসব ভবন হ্রদ থেকে সরাসরি পিলারের ওপর ভর করে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ করা হয়েছে।
রাঙামাটি পৌরসভা ও গণপূর্ত অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, শহর এলাকায় কাপ্তাই হ্রদ দখল করে কয়টি ভবন নির্মাণ করা হয়েছে বা কার কাছ থেকে ভবনের নকশার অনুমোদন নেওয়া হয়েছে তার কোনো তথ্য তাদের কার্যালয়ে নেই।
পৌরসভা সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরে সর্বোচ্চ চারতলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়।
শহরের রিজার্ভ বাজারের মাতব্বর শপিং কমপ্লেক্স ভবনটি পৌরসভার নকশা অনুমোদন ছাড়া নির্মাণ করা হয়েছে স্বীকার কমপ্লেক্সের মালিক রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুছ চৌধুরী বলেন, ‘একজন দক্ষ প্রকৌশলীর তত্ত্বাবধানে ভবনটি আরসিসি পিলারের ওপর নির্মাণ করা হয়েছে। আর যখন ওই ভবনটি নির্মাণ করা হয় তখন এসব নকশা দেখা হতো না।’
তবে রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল আলম চৌধুরী বলেন, ‘কাপ্তাই হ্রদ দখল করে যেসব ভবন নির্মাণ করা হয়েছে সেগুলো সব খাস জায়গা। তাই একটারও নকশা অনুমোদন করেনি পৌর কর্তৃপক্ষ। আর এসব ভবনের কোনো তালিকাও পৌরসভার নাই।’
ভবনগুলো খুবই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করে মেয়র বলেন, ‘এসব ভবন অপসারণে প্রশাসন যদি আমাদের সহযোগিতা চায় তা দিতে আমরা প্রস্তুত।’
গণপূর্ত অধিদপ্তরের রাঙামাটি নির্বাহী প্রকৌশলী ওম প্রকাশ নন্দী বলেন, ‘আমরা শুধু সরকারি ভবন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট। তবে ভবন নির্মাণে আমার যে অভিজ্ঞতা তা থেকে বলতে পারি কাপ্তাই হ্রদের তীরে যেসব ভবন নির্মাণ করা হয়েছে বা হচ্ছে তার সবগুলোই ঝুঁকিপূর্ণ। আমরা জানি না ভবন নির্মাণের আগে মাটির গুণাগুণ পরীক্ষা করা হয় কি না, নকশার যথাযথ কি না। এসব জানা গেলে বোঝা যাবে ভবনগুলো কেমন ঝুঁকিতে রয়েছে।’