কাপ্তাই হ্রদ বাঁচাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং পাহাড়ি ছড়া-ঝরনার জন্য প্রাকৃতিক বনকে টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার বিশ্ব পানি দিবস উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
‘জল ও জীবিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, চট্টগ্রাম অঞ্চল ও রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬০ সালে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর যে দুর্যোগ নেমে এসেছিল, এখন হ্রদ নষ্ট হয়ে গেলে তার চেয়ে তিন গুণ বিপর্যয় নেমে আসবে। কারণ, জেলার আটটি উপজেলায় বিস্তৃত কাপ্তাই হ্রদ এখন রাঙামাটি জেলার মানুষের জীবন-জীবিকার প্রধান অবলম্বন হয়ে উঠেছে।
বক্তারা বলেন, সরকারিভাবে পাহাড়ে এখনো সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব হয়নি। প্রাকৃতিক ঝরনা ও ছড়া দুর্গম পাহাড়ের মানুষের বেঁচে থাকার অবলম্বন। প্রাকৃতিক বন থেকে পাহাড়-ঝরনার উৎপত্তি। তাই বন রক্ষা করার উদ্যোগ নিতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপনায় গবেষক তনয় দেওয়ান বলেন, পাহাড়ে একক প্রজাতির সেগুন ও রাবার বাগান সৃজনের ফলে পানির উৎস মরে যাচ্ছে। অপর দিকে জনসংখ্যার চাপে পাহাড়ি ছড়াগুলো পানির চাহিদা মেটাতে পারছে না। প্রাত্যহিক জীবনে পানি ব্যবহার নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। একক প্রজাতির বনায়ন, অপরিকল্পিত জুমচাষ তথা নির্বিচারে বন নিধনের কারণে এসব ছড়ার উৎস ক্রমশ কমে যাচ্ছে। বনে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। পানির অভাবে চাষাবাদ করতে না পারায় গ্রামে কর্মসংস্থানের সুযোগ কমে আসছে। ফলে শহরমুখী মানুষের প্রবাহ বাড়ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ওয়াসিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া এবং বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের কাপ্তাই উপজেলা কর্মকর্তা মঞ্জু মানস ত্রিপুরা।