কাপ্তাই হ্রদে অবৈধ স্থাপনার হিসাব কারও কাছে নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদ দখল করে একের পর এক স্থাপনা নির্মাণের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। কাপ্তাই হ্রদে অবৈধ স্থাপনার সংখ্যা কত সে হিসাব রাঙামাটি জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের কাছে নেই।
গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের সরকারি মহিলা কলেজ সড়কে একটি দোতলা বাড়ি কাপ্তাই হ্রদে ধসে পড়ে। এতে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়। এ ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। হ্রদের ওপর গড়ে তোলা অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন ইমারত নির্মাণের অনুমতি দেওয়ার কর্তৃপক্ষ নয়। পৌরসভা ভবনের নকশা ও ইমারত নির্মাণের অনুমতি দেয়। পৌরসভার মেয়রকে কাপ্তাই হ্রদ দখল করে কতগুলো ভবন নির্মাণ করা হয়েছে এবং কতগুলো ভবন ঝুঁকিপূর্ণ, তার তালিকা তৈরি করতে বলা হয়েছে।
পৌরসভা সূত্র জানায়, শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, লেকার্স পাবলিক স্কুল এলাকা, বনরূপা, রাজবাড়ি, কলেজ গেট ও আসামবস্তি এলাকায় কাপ্তাই হ্রদ দখল করে ছোট-বড় শতাধিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মার্কেট, হোটেল ও ঘরবাড়ি রয়েছে। হ্রদের পানির উচ্চতা বাড়লে এসব ভবনের নিচের অংশ ডুবে যায়। রিজার্ভ বাজার এলাকার ‘মাতব্বর শপিং কমপ্লেক্স’, আবাসিক হোটেল ‘গ্রিন ক্যাসেল’, পৌরসভা এলাকার ‘পৌর সুপার মার্কেট’, ‘হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল’ ও ‘হোটেল সাংহাই’ ভবনের কিছু অংশ হ্রদের জায়গার মধ্যে পড়েছে।
এ বিষয়ে মাতব্বর শপিং কমপ্লেক্সের অংশীদার মো. মুছা মাতব্বর দাবি করেন, পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই তাঁরা ভবন নির্মাণ করেছেন। তবে তিনি স্বীকার করেন, হ্রদের অংশ থেকেই ভবনের পিলার তুলতে হয়েছে।
পৌরসভা এলাকার হোটেল সাংহাইয়ের স্বত্বাধিকারী মো. নাজির বলেন, ‘পৌরসভার অনুমোদন নিয়েই হোটেল নির্মাণ করেছি। আমার জায়গায় হ্রদের পানি আসলে করার কিছু নাই।’
হ্রদের জায়গায় পৌর সুপার মার্কেট নির্মাণের বিষয়ে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, মার্কেটটি অনেক আগে নির্মাণ করা হয়েছে। হ্রদ এলাকা থেকে মার্কেট ভবন নির্মাণ করা হলেও ভবনটি ঝুঁকিপূর্ণ নয়। তিনি বলেন, হ্রদ এলাকায় কত ভবন রয়েছে এবং এর মধ্যে কতটি ঝুঁকিপূর্ণ, তার তালিকা করা হবে।